২৫২ রানও কেন ছোঁয়া গেল না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫১

বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৮৪

ফল: নিউজিল্যান্ড ৬৭ রানে জয়ী

রহস্যের তল কেউ পাচ্ছে না। কারও দৃষ্টিসীমাতেই কোনো কূলকিনারা নেই। আছে শুধু প্রশ্ন, ভাষাহীন চাহনি। কেন পারল না বাংলাদেশ? স্যাক্সটন ওভালের ব্যাটিং-তীর্থে ২৫২ রানের লক্ষ্যও কী কারণে হয়ে দাঁড়াল অনতিক্রম্য!

জেতার জন্য যা যা দরকার, সবই ছিল হাতে। সহজ লক্ষ্য, সেটাকে আরও সহজ বানানোর জন্য উইকেটও সহজ। কিন্তু নিজেরাই পরিস্থিতি ঘোলাটে করে ফেললে সহজ কাজও সহজে হয় না। ব্যাটসম্যানদের ‘আত্মাহুতি’র মিছিল বাংলাদেশকে কাল সে রকমই এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিল। মুখের সামনে চলে আসা গ্রাস ‘ছিনতাই’ হয়ে গেল। জেতা ম্যাচ ৬৭ রানে হেরে নির্বাক সবাই। সিরিজে ফেরার সুবাস দ্রবীভূত এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারের বেদনায়।

সময়ের পার্থক্যে বাংলাদেশের চেয়ে ৭ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ড। বাংলাদেশে বেলা ১১টার একটু পরই নেলসনে ম্যাচ শেষ। পরাজয়ের ময়নাতদন্তের অফুরন্ত সময় পাওয়া গেল তাই। এ প্রতিবেদন লেখার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠছিল সেসব ময়নাতদন্তের প্রতিবেদনে। কিন্তু ঘটনার কেন্দ্রবিন্দুতে যাঁরা, তাঁদের কাছেই ব্যাখ্যা নেই এমন হারের।

মাশরাফির দুর্দান্ত বোলিং এবং অন্যদেরও উজাড় করে দেওয়া বোলিং-সামর্থ্যের সামনে বেশি দূর
যেতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ডের ইনিংস। ক্রাইস্টচার্চে ৩৪১ রান করা দলটা হ্যাগলি ওভালের চেয়েও সহজ উইকেটে কঠিন পরীক্ষায় পড়ে গেল। সাড়ে ছয় বছর পর এই সিরিজেই দলে ফেরা নিল ব্রুমের (১০৯*) সেঞ্চুরির পরও ২৫১ রানে অলআউট। দ্বিতীয় সর্বোচ্চ লুক রনকির ৩৫।

বোলাররা প্লেটে খাবার সাজিয়ে দিয়েছিলেন। ছুরি-চামচ দিয়ে সেটা মুখে দেওয়াই বাকি ছিল কেবল। একটা পর্যায় পর্যন্ত তা খুবই সম্ভব বলেও মনে হচ্ছিল। কিন্তু ১ উইকেটে ১০৫ রান থেকে বাংলাদেশ দলের ইনিংস এমন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল যে, আর মাত্র ৭৯ রান যোগ করেই অলআউট!

মাহমুদউল্লাহই শুধু ভালো একটা বলে আউট হয়েছেন। লকি ফার্গুসনের ইয়র্কার ভেঙেছে তাঁর স্টাম্প। বাকি সব ব্যাটসম্যানই যেন কিউই বোলারদের নববর্ষের উপহার দিয়ে এলেন। ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান যে ধরনের শট খেলে আউট হয়েছেন, তাকে এককথায় দায়িত্বজ্ঞানহীনই বলা যায়। ক্রিকেটে বাজে শটের জন্য কারণ দর্শানোর নিয়ম থাকলে নিশ্চিত নোটিশ খেতেন দলের এই দুই স্তম্ভ।

ইমরুল কায়েসের জন্যও সে রকম কিছু তৈরি করা যেত হয়তো। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন বলে ইমরুল প্রতিবাদ করে বলতে পারেন, ‘আমি আবার কী করলাম!’ বাস্তবতা হলো প্রায় সব ধরনের আউট থেকে একবার করে বেঁচে যাওয়ার পর ৫৯ রানে উইকেট দিয়ে আসা গ্রেস নম্বর নিয়ে পাস করার চেয়েও কম মূল্যমানের। ইমরুলেরই বরং উচিত ছিল ম্যাচ জিতিয়ে আনা। তাতে তাঁর ফিরে পাওয়া জীবনগুলো কিছুটা হলেও সার্থক হতো। তবে অভিষেক ওয়ানডেতে নুরুল হাসানের ব্যাটিং ভবিষ্যতের জন্য আশাবাদী হতে বলে। যখন আর প্রায় কিছুই পাওয়ার ছিল না, তখনো লড়াইয়ের মানসিকতা দেখিয়ে গেছেন এই তরুণ।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোখে হারের সবচেয়ে বড় কারণ সাব্বির রহমানের রানআউট। ৩০ রানে তামিম ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ইমরুলের সঙ্গে দারুণ এক জুটি জমিয়ে ফেলেছিলেন সাব্বির। মনে হচ্ছিল, ইমরুল-সাব্বির মিলেই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাবেন। সাব্বিরের ব্যাটিং তো কাঁপনই ধরিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড শিবিরে। শরীরী ভাষায় চলে এসেছিল হাল ছেড়ে দেওয়ার বার্তা। কিন্তু সাব্বিরের রানআউট মুহূর্তেই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ৭৫ রানের আশা-জাগানিয়া জুটিটি ভেঙে যাওয়ার পরই বাংলাদেশের ইনিংস তাসের ঘর।

ম্যাচ শেষে মাশরাফিও একবার বললেন, সাব্বিরের রানআউটটাই ছিল গুরুত্বপূর্ণ। সেখান থেকেই হারের দিকে যেতে থাকে দল। মাশরাফি আবার এটাও মনে করেন, বাকি আট উইকেটেও জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৭ রান তোলা সম্ভব ছিল। একটা ভালো জুটি, মিডল অর্ডারের আরেকটু দায়িত্বশীল ব্যাটিং হলেই হয়ে যেত সেটা। ব্যাটসম্যানদের সেটা করতে না পারা হতাশায় পোড়াচ্ছে অধিনায়ককে, ‘এসব কন্ডিশনে এসে উপমহাদেশের দলগুলো এ রকম পরিস্থিতির জন্যই অপেক্ষা করে। অথচ আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলাম না। বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এটা হতাশাজনক।’ দীর্ঘশ্বাস বেরিয়ে এল তামিমের বুক থেকেও, ‘আজকের (গতকালের) উইকেটটা যা ছিল, এ রকম উইকেট আর পাব না। বিরাট সুযোগ হাতছাড়া হয়ে গেল।’

হারের কারণ খুঁজে বের করতে গিয়ে ব্যতিক্রম চিন্তা কেবল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের মধ্যেই দেখা গেল। নিউজিল্যান্ড ২২০ করে ফেলার পরই নাকি তাঁর মনে হচ্ছিল, বাংলাদেশ আর ম্যাচটা জিততে পারবে না, ‘গ্যাভিন লারসেনের সঙ্গে কথা হচ্ছিল। উনি বলছিলেন এই উইকেটে ২৫০ তাড়া করেও নাকি জেতা সম্ভব। কিন্তু নিউজিল্যান্ড ২২০ রান করার পরই আমি তাকে বলি, আমরা ম্যাচটা জিতব না।’ এ রকম মনে হওয়ার নাকি একটাই কারণ—অপরিচিত উইকেট, ‘আমাদের ব্যাটসম্যানরা তো এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত না।’

প্রধান নির্বাচকের বলা হারের কারণটা চমকে যাওয়ার মতোই। ক্রিকেটাররা স্যাক্সটন ওভালের উইকেটকে ব্যাটিংয়ের স্বপ্নপুরী বলছেন, মাশরাফির চোখে এটি প্রায় বাংলাদেশের উইকেটের মতোই। মিনহাজুলের পুরো বিপরীত কথা তাই ভাবনার খোরাকই জোগাচ্ছে।

২৫২ রানও না ছুঁতে পারার কারণ আসলে কী?