৩৫তম ওভার শেষে ৩ উইকেটে ১৭৩ রান। কাল ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এমন ভালো একটা অবস্থানেই ছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের রানটাকে তারা ৬ উইকেটে ২৬০ রানের বেশি নিতে পারেনি। জয়ের জন্য ২৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত অ্যালেক্স হেলসকে (৭) হারিয়ে ১৬ ওভারে ১০০ রান করেছে ইংল্যান্ড। জেসন রয় ৫৫ ও জো রুট ৩১ রানে ব্যাট করছিলেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। দলকে ভালো শুরুও এনে দিলেন তিনিই। ৮২ রানের ইনিংসটি দিয়ে কাটালেন ওয়ানডেতে ১২ ম্যাচের ব্যক্তিগত ‘ফিফটি-খরা’ও। তৃতীয় ও চতুর্থ উইকেটে বাবর আজম (৪০) ও সরফরাজ আহমেদের (৫১*) সঙ্গে আজহারের দুটি ফিফটি পেরোনো জুটিই পাকিস্তানকে এনে দেয় শক্ত ভিত্তি। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল আদিল রশিদ, ৫১ রানে নিয়েছেন ২ উইকেট। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।