২৮ বছর বয়সেই ভারতের ক্রিকেটকে বিদায় জানালেন ‘নতুন কোহলি’
একসময় উন্মুক্ত চাঁদকে তুলনা করা হতো বিরাট কোহলির সঙ্গে। নতুন কোহলি বলা হতো তাঁকে। কোহলির মতো তিনিও ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তবে চাঁদের আর কোহলি হয়ে ওঠা হয়নি। জাতীয় দলে সুযোগই পাননি কখনো!
এবার ২৮ বছর বয়সেই ভারতের ক্রিকেটকে বিদায় বলে দিলেন চাঁদ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিসিসিআইকে বিদায়’ বলার ঘোষণা দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বলেছেন, এখন বিশ্বের অন্য জায়গায় ‘ভালো সুযোগ’ পাওয়ার অপেক্ষায় থাকবেন তিনি।
ভারত ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে চাঁদ লিখেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমার চলার পথটা মসৃণ ছিল না। সুযোগ থেকেও বঞ্চিত হয়েছি। শেষ কয়েক বছরে যা হয়েছে, আমার ভেতরের একটা অংশ সেটা মেনে নিতে পারেনি। তবুও এখান থেকেই ভালো কিছু নিয়ে সামনে এগোতে চাই আমি। দারুণ কিছু স্মৃতি নিয়েই বিসিসিআইকে বিদায় বলছি। এখন বিশ্বজুড়ে ভালো কোনো সুযোগের অপেক্ষায় থাকব।’
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় তোলা ছবি পোস্ট করেছেন চাঁদ। গুঞ্জন আছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে তাঁকে। সে ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেও, ‘ক্রিকেট একটা বৈশ্বিক খেলা। হয়তো মাধ্যমটা বদলাবে, তবে আমার এখনো লক্ষ্য শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলা।’
২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। অধিনায়ক চাঁদ খেলেছিলেন ১৩০ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস। সে বিশ্বকাপের আগেই ১৮ বছর বয়সে আইপিএলেও অভিষেক হয়েছিল তাঁর। তবে সেবার দিল্লির হয়ে তেমন কিছু করতে পারেননি। এরপর দল বদলে গিয়েছিলেন মুম্বাইয়ে, সুবিধা করতে পারেননি সে দলের হয়েও। এরপর আইপিএলে অবিক্রীতও থেকে গিয়েছিলেন।
জাতীয় দলে না খেললেও ভারত ‘এ’ দলে একসময় নিয়মিত ছিলেন চাঁদ। ‘এ’ দলকেও নেতৃত্ব দিয়েছেন। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের দরজা আর খোলেনি তাঁর জন্য। স্কুলে পড়া অবস্থাতেই রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল চাঁদের। তবে রূপকথার গল্পটা পূর্ণতা পায়নি। একসময় বাদ পড়েছিলেন ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির দিল্লি দল থেকেও।
২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে এসেছিলেন চাঁদ। সেবার প্রাইম ব্যাংকের হয়ে ৬ ম্যাচে ৪৯.২৫ গড়ে করেছিলেন ১৯৭ রান।
সব মিলিয়ে ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে চাঁদ করেছেন ৩৩৭৯ রান, গড় ৩১.৫৭। অবশ্য লিস্ট ‘এ’-তে তাঁর রেকর্ড বেশ ভালোই তাঁর—১২০ ম্যাচে ৪১.৩৩ গড়ে ৪৫০৫ রান। এখন পর্যন্ত ৭৭টি টি-টোয়েন্টিতে ১৫৬৫ রান করেছেন তিনি।