২৯ বলেই জয় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের

৪.৫ ওভারেই লক্ষ্যপূরণ ওয়েস্ট ইন্ডিজেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ভাগ্যটা আগেই লেখা হয়ে গিয়েছিল। তাই খেলা নিয়ে আলোচনার কিছু ছিল না গ্রেনাডা টেস্টের দুই ধারাভাষ্যকার ইয়ান বিশপ ও স্টিভ হার্মিসনের। ইংল্যান্ডের হার অবধারিত দেখে দুজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জো রুট ও তাঁর অধিনায়কত্ব। অ্যাশেজ ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজেও দলের করুণ পরিনতির পর রুটই এখন আতশি কাঁচের নিচে।

আজ ফিল্ডিংয়ে নামার আগে দলের উদ্দেশে বলা রুটের কথাগুলো দলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল না, সেটি বলাই যায়! মাত্র ২৭ রানের সম্বল নিয়ে জয়ের আশা নিশ্চয় ইংল্যান্ড অধিনায়ক নিজেও করেননি।

কাইল মেয়ার্সের মিডিয়াম পেসের তোপে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১০ রানের লিড নিতেই ৮ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড, আজ তাই ছিল শুধুই আনুষ্ঠানিকতা। ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকেরা, তৃতীয় ম্যাচে এসে ১-০ ব্যবধানের সিরিজ জয়ে ক্যারিবীয়রা নিশ্চিত করেছে রিচার্ডস-বোথাম ট্রফি। ২০০৪ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ডের টেস্ট সিরিজ জেতার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো।

অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থতা: জো রুটের অধিনায়কত্বই এখন প্রশ্নের মুখে
ছবি: এএফপি

আজ প্রথম উইকেটটা ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে কেমার রোচের বলে, ক্রিস ওকসের ক্যাচ লেগ স্লিপে জেসন হোল্ডার নিয়েছেন দারুণভাবে। পরের ওভারে এসে জ্যাক লিচকেও ফেরান রোচ। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছিল লিচ-সাকিব মেহমুদের দশম উইকেট জুটি, এবার হয়নি তেমন কিছু। ব্যাটিংয়ে নেমে জয় নিশ্চিত করতে মাত্র ৪.৫ ওভার লেগেছে ক্রেইগ ব্রাফেট ও জন ক্যাম্পবেলের।

অ্যাশেজে ভরাডুবির পর নতুন দিনের গান শুনিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম দুই টেস্ট ড্র হলেও তৃতীয় টেস্টের পারফরম্যান্সে কেটে গেল সে সুর, আরেকবার প্রশ্নের মুখে পড়ে গেল জো রুটের অধিনায়কত্বও।