২৯৩ করেও ‘বেবি এবি’র কাছে হেরে গেল বাংলাদেশ

২৯৩ রান করে হেরে যাওয়ার প্রতিপক্ষের ব্যাট পরীক্ষা করে দেখতেই হয়!ছবি: আইসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম স্থান নিয়ে শেষ হলো বাংলাদেশি যুবাদের বিশ্বকাপ অভিযান। কাল অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। ৭ বল হাতে রেখেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৮ উইকেটে ২৯৩ রানের সংগ্রহ টপকে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

আগামী দিনের তারকা হয়ে ওঠার এ টুর্নামেন্ট থেকে বাংলাদেশের প্রাপ্তি যে একদম নেই, তা নয়। আরিফুল ইসলাম নামের ‘ভবিষ্যৎ’-এর দেখা পেয়েছে বাংলাদেশ। কাল টানা দ্বিতীয় শতক তুলে নেন ‘চার’-এ নামা এই ব্যাটসম্যান। আরিফুলের ১০৩ বলে ১০২ রানের ইনিংসে যুবদলের সংগ্রহটা তিন শ ছুঁই ছুঁই হয়েছিল। বাকিদের কেউ অর্ধশতকের দেখাও পাননি। ত্রিশোর্ধ্ব রানের ইনিংস এসেছে প্রান্তিক নওরোজ, এস এম মেহরব ও মোহাম্মদ ফাহিমের ব্যাট থেকে।

টানা দুই ম্যাচে শতক পেলেন আরিফুল
ছবি: টুইটার

বড় সংগ্রহ তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা জিতেছে তাদের ‘ভবিষ্যৎ’-এর ব্যাটে ভর করে—দেভাল্ড ব্রেভিস। ‘বেবি এবি’ নামে খ্যাত এই কিশোরের দুর্দান্ত সেঞ্চুরিতে হার মেনেছে বাংলাদেশ। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন অবিকল এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটিং করা ব্রেভিস। এর মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন তিনি। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করলেন ব্রেভিস। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।

‘বেবি এবি’ দেভাল্ড ব্রাভিস
ছবি: টুইটার

দলের সংগ্রহ যখন ২ উইকেটে ৭০, তখনই ব্যাটিং করতে নামেন আরিফুল। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে বাংলাদেশের ইনিংসের ভিতটা গড়েন তিনি। চতুর্থ উইকেটে ফাহিমের সঙ্গে ৬২ বলে ৫৫ এবং পঞ্চম উইকেটে মেহরবের সঙ্গে গড়েন ১০০ বলে ১১৭ রানের জুটি। মেহরবের সঙ্গে গড়া জুটিতে ৭২ এবং ফাহিমের সঙ্গে জুটিতে ৩৬ রানের অবদান রাখেন আরিফুল। ইনিংস একা টানার এই ক্ষমতা পাকিস্তানের বিপক্ষে শতক তুলে নেওয়া ম্যাচেও দেখিয়েছেন এই ব্যাটসম্যান।

ডি ভিলিয়ার্সই ক্রিকেট শেখান ব্রাভিসকে
ছবি: টুইটার

ষষ্ঠ ওভারে দক্ষিণ আফ্রিকার ওপেনার জেড স্মিথকে তুলে নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন পেসার মুশফিক হাসান। এরপর ব্রেভিস নেমে ম্যাচের ভাগ্য গড়ে দেন। উইকেটের চারপাশে ডি ভিলিয়ার্সের মতো দারুণ কিছু শট খেলেন ব্রেভিস। ৪৪তম ওভারে আউট হওয়ার আগে রিপন মন্ডল, মেহরব ও রাকিবুলদের কাছ থেকে ইচ্ছেমতো রান আদায় করে নেন ব্রেভিস। রিপনের করা ওভারে আউট হওয়ার আগেও মেরেছেন চার-ছক্কা। অধিনায়ক রাকিবুলের করা ৪০তম ওভারে মেরেছেন দুই ছক্কা। মেহরব ৩৩তম ওভারে ১৮ রান দেন ব্রেভিসকে।

আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া ব্রেভিসের ব্যাটিংয়ের ধরন ডি ভিলিয়ার্সের ‘কার্বন কপি’-ডাউন দ্য উইকেট এসে কাভার দিয়ে তুলে মারা, স্ট্রেট ড্রাইভ কিংবা উইকেটের চারপাশে এবির মতোই ৩৬০ ডিগ্রি ব্যাট করতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে আসার আগে তাঁকে হাতে-কলমে শিক্ষা দিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এর আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেভাল্ডকে আমি ভালোমতোই চিনি। দুই বছর ধরে আমি তাঁর মেন্টর, এখন তাঁর ব্যাটিং এবং ক্রিকেটটা কীভাবে খেলতে হবে, সেসব নিয়ে কাজ করছি।’

বলা বাহুল্য, ডি ভিলিয়ার্স ভালোই শিখিয়েছেন দেভাল্ডকে।