২-০ করে ফেলল বাংলাদেশ

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা যেমন হয়েছিল, শেষটা তেমন হয়নি। তবে বোলাররা আর ব্যাটসম্যানদের সেই ভুল পথ অনুসরণ করলেন না। মাশরাফি মুর্তজা বল হাতে যে শুরুটা এনে দিয়েছিলেন, তাতে ভর করে দুর্দান্তভাবে শেষটা মুড়ে দিলেন আরাফাত সানি। চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানে জিতল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-০তে।
‘তিন শ পেরোনো’র স্কোরটা বাংলাদেশের থেমেছিল ২৫১ রানে। তবে সেই লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে ৪০ রানে প্রথম ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তিনটি উইকেটই নেন মাশরাফি। আরাফাত সানির আঘাতে স্কোরটা হয়ে যায় ৪ উইকেটে ৫০! এর পরও ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিম্বাবুয়ের শেষ চারটি উইকেটের তিনটি তুলে নেন আরাফাত। অবশ্য সামনে থেকে জয়ে নেতৃত্ব দেওয়ায় ম্যাচ সেরা মাশরাফিই। কারণ তাঁর দুর্দান্ত একটি ক্যাচ ম্যাচে জিম্বাবুয়ের শেষ সম্ভাবনাটিও শেষ করে দিয়েছে।
৫০ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশকে ভোগায় রেজিস চাকাভা ও সলোমন মায়ারের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে ৬৫ রান। আল আমিনের বলে মাশরাফির সেই ক্যাচের শিকার হয়ে চাকাভা ফেরেন ৩৮ রানে। এরপর বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ান এল্টন চিগুম্বুরা। সাব্বির রহমানের সরাসরি থ্রোতে চিগুম্বুরা ফেরেন ৩৮ রানে। ৬ উইকেটে ১৭৭ থেকে ১৮৩ রানে অলআউট জিম্বাবুয়ে। ৬ রানেই পড়েছে শেষ ৪ উইকেট। এর মধ্যে এক ওভারে তিন উইকেট নেন আরাফাত। তিনটাই প্রতিপক্ষের স্টাম্প উপড়ে ফেলে।
শেষটা সানির হলেও শুরুটা অবশ্যই মাশরাফির। প্রথম ওভারেই হ্যামিল্টন মাসাকাদজাকে শূন্য রানে ফেরান। ভুসি সিবান্দা ও সিকান্দার রাজার দ্বিতীয় উইকেট জুটি দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করে। কিন্তু ‘বাধা’ হয়ে দাঁড়ান মাশরাফি। সিবান্দাকে বোল্ড করে ৩৬ রানের জুটি ভাঙেন অধিনায়ক। মাহমুদউল্লাহর দারুণ এক ক্যাচ বানিয়ে ১৬ রান করা রাজাকেও ফেরান মাশরাফি।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশ। তামিম ইকবাল ও এনামুল হকের উদ্বোধনী জুটি বেশ ধীরলয়ে রান তুললেও শুরুটা মন্দ ছিল না। ৩২.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল বিনা উইকেটে ১৫৮। এ পরিস্থিতিতে বড় স্কোরই অনুমিত। কিন্তু রানআউটে কাটা পড়ে ৭৬ রানে তামিম ফিরলে হঠাৎ বিপর্যয়ে বাংলাদেশ। বিনা উইকেটে ১৫৮ থেকে ৪ উইকেটে ১৭৩ রান। ইনিংস সর্বোচ্চ ৮০ করেন এনামুল।
মাহমুদউল্লাহ-মুশফিকের পঞ্চম উইকেট জুটিতে ওঠা ৩১ রান ওঠার পর আবারও বিপর্যয়। ক্ষণে ক্ষণে উইকেট হারিয়ে ছন্দটা হারালেও বাংলাদেশের উইকেট পতনে কিন্তু বেশি ‘ছন্দ’ ছিল। ১৫৮ রানে পর পর দুই উইকেট, ১৭৩ রানে পর পর দুই উইকেট আর ২০৪ রানে পড়ল পর পর দুই উইকেট!
ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসায় সাকিব আল হাসান খেললেন ৩ নম্বরে। আগের দিনের সেঞ্চুরিয়ান সিবান্দার বলে বোল্ড হয়ে ফিরলেন গোল্ডেন ডাক মেরে। চারে নেমে রিভার্স সুইপ খেলতে গিয়ে কামুনগোজির শিকার হওয়ার আগে মুশফিকের সংগ্রহ ২৭ রান। আগের দিনের ঝোড়ো ইনিংস খেলা সাব্বির রহমান ৫ নম্বরে নেমে পানিয়াঙ্গারার বলে কোনো রান না করেই ফিরলেন। ছয়ে নামা মাহমুদউল্লাহ কামুনগোজির বলে ফিরেছেন ১২ রানে। সবচেয়ে অবাক করার মতো বিষয়, সাতে নেমেছেন মুমিনুল হক। এই বাঁহাতি অপরাজিত ছিলেন ৩৩ রানে। দুই ওপেনারের দারুণ দুটি ইনিংসের পর বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় মুমিনুলই মূলত বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন ৭ উইকেটে ২৫১ রানের বন্দরে।