
দুঃস্বপ্নের টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও শূন্য দিয়ে শুরু। তবে কাল তৃতীয় ওয়ানডেতে সেই দুঃসময় থেকে বেরিয়ে আসার ইঙ্গিতই দিয়েছে বিরাট কোহলির ব্যাট। যদিও দুর্দান্ত শুরুর পরও কোহলি আউট হয়ে গেছেন ৪০ রানে। এবারের ইংল্যান্ড সফরে এটাই তাঁর সর্বোচ্চ! রান পেয়েছেন অম্বাতি রায়ডু, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়নাও। ভারতও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। ২২৮ রানের লক্ষ্য পেরিয়েছে ৪৩ ওভারেই। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে গেল ২-০তে।
ভারতের জয়ের পথটা মসৃণ করে দিয়েছিলেন আসলে বোলাররাই। আদ্র৴তা কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং নেন ধোনি। কিন্তু অ্যালিস্টার কুক আর অ্যালেক্স হেলস উদ্বোধনী জুটিতেই করে ফেলেন ৮২ রান। তবে পেসারদের সরিয়ে ধোনি স্পিনারদের আনতেই শুরু হয়ে যায় ইংল্যান্ডের কাঁপাকাঁপি। কাঁটা হয়ে উঠতে চাওয়া ইংল্যান্ডের দুই ওপেনারকেই ফেরান ভারতের খণ্ডকালীন স্পিনাররা। কুককে ফেরান রায়না, হেলসকে রায়ডু। এরপর নিয়মিত উইকেট হারানো ইংল্যান্ড ইনিংসের শেষ বলে অলআউট ২২৭ রানে।
১১তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার মোহিত শর্মা। পরে অবশ্য মোহিত ফিরেও আসেন। কিন্তু স্পিনাররা এতটাই ভালো করেছেন যে মোহিতকে আর বল দেওয়ার দরকারই হয়নি ধোনির। মোহিত বাদে উইকেট পেয়েছেন বল হাতে নেওয়া ভারতের বাকি সবাই। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অশ্বিন। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৫০ ওভারে ২২৭ (কুক ৪৪, হেলস ৪২, বেল ২৮, রুট ২, মরগান ১০, বাটলার ৪২, স্টোকস ২, ওকস ১৫, ট্রেডওয়েল ৩০, ফিন ৬, অ্যান্ডারসন ০*; ভুবনেশ্বর ১/৪৫, মোহিত ০/১৭, সামি ১/৪০, অশ্বিন ৩/৩৯, রায়না ১/৩৭, রায়ডু ১/৮, জাদেজা ১/৩৮)। ভারত: ৪৩ ওভারে ২২৮/৪ (রাহানে ৪৫, ধাওয়ান ১৬, কোহলি ৪০, রায়ডু ৬৪*, রায়না ৪২, জাদেজা ১২*; অ্যান্ডারসন ০/২৯, ওকস ১/৪৩, ট্রেডওয়েল ১/৪৬, ফিন ১/৫০, স্টোকস ১/৩১, রুট ০/২৭।)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রবিচন্দ্রন অশ্বিন।