৩ টেস্টে দ্বিতীয়বার ফলো-অনে বাংলাদেশ

বাংলাদেশকে ফলো-অন করতে পাঠিয়েছে নিউজিল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯৫ রানের লিড, সবুজ উইকেট—সিদ্ধান্তটা অনুমিতই ছিল। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে ফলো-অনে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তৃতীয় দিন সকালে আবার ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

এ নিয়ে সর্বশেষ ৩ টেস্টে দুইবার ফলো-অনে পড়ল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ফলো-অনে পড়া বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে এর ঠিক পরের টেস্টেই মাউন্ট মঙ্গানুইয়ে তারা পায় ঐতিহাসিক জয়। ক্রাইস্টচার্চে অবশ্য বাংলাদেশের ব্যাটিং আবারও বিবর্ণ রূপে।

প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১২৬ রানে
ছবি: এএফপি

বাংলাদেশের পুনরায় ব্যাটিংয়ের অর্থ—আর একবার ব্যাটিংয়ের সুযোগটা না-ও পেতে পারেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলর। অবশ্য প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার সময়ই বাংলাদেশ দল গার্ড অব অনার দিয়েছে তাঁকে, আউট হয়ে ফেরার পথে পেয়েছেন হ্যাগলি ওভালের অভ্যর্থনাও।

ল্যাথামের দ্বিশতক, ডেভন কনওয়ের শতকে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। গতকাল চা-বিরতির আগে ইনিংস ঘোষণা করে তারা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এরপর বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

৪৩ রানে ৫ উইকেট নেওয়ার পর চতুর্থ নিউজিল্যান্ড বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মালিক হয়ে গেছেন ট্রেন্ট বোল্ট
ছবি: টুইটার

বিরতির আগেই ৪ উইকেট হারানোর পর মুমিনুল হকের দল ১২৬ রান তুলতেই গুটিয়ে যায় ৪১.২ ওভারেই। ইয়াসির আলী করেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, নুরুল হাসানের সঙ্গে তাঁর জুটি একটু স্বস্তি দিলেও দ্রুত গুটিয়ে যাওয়া আটকাতে পারেনি।

বাংলাদেশের মূল ক্ষতিটা করেছেন ট্রেন্ট বোল্ট। ৪৩ রানে ৫ উইকেট নেওয়ার পথে চতুর্থ নিউজিল্যান্ড বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মালিক হয়ে গেছেন এ বাঁহাতি পেসার। টিম সাউদি নিয়েছেন ২৮ রানে ৩ উইকেট, বাকি ২ উইকেট গেছে কাইল জেমিসনের সংগ্রহে।