৩ ম্যাচে ২ ডাবল সেঞ্চুরি তুষারের

রান আর রান—ঘরোয়া ক্রিকেটে তুষার ইমরানের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই! এক ম্যাচ আগেই বিকেএসপিতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আজ একই মাঠে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে আবার পেলেন ডাবল সেঞ্চুরি। এতে একটি রেকর্ডও ছুঁলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড এত দিন যৌথভাবে ছিল অলক কাপালি ও মোসাদ্দেক হোসেনের—তিনটি করে। আজ এই দুজনের নতুন সঙ্গী হলেন তুষার। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যান কাল অপরাজিত ছিলেন ১০১ রানে। আজ সেটিই রূপ দিলেন ডাবলে। মার্শাল আইয়ুবের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ২১৭ রান। দুর্দান্ত ইনিংসটিতে চার আছে ২১টি, ছক্কা নেই একটিও।
তুষারের সঙ্গে আগের দিন জ্বলে উঠেছিলেন মোহাম্মদ মিঠুন আর আজ শাহরিয়ার নাফীস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাফীস অপরাজিত ছিলেন ১০৯ রানে। তুষার-মিঠুন-নাফীসের সৌজন্যে দক্ষিণাঞ্চলের রান ৪ উইকেটে ৫৫৭। এখনো ইনিংস ঘোষণা করেনি আবদুর রাজ্জাকের দল।
জাতীয় লিগের পর বিসিএলেও ধারাবাহিক ভালো খেলা তুষার এরই মধ্যে ৬ ম্যাচে ৭০৩ রান করে আছেন সবার ওপরে। দুই ফিফটি আছে, আর যে দুটি ইনিংস তিন অঙ্কে নিয়েছেন রূপ দিয়েছেন ডাবলে। লম্বা সময় উইকেটে থাকা, ইনিংস বড় করা—৫ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা তুষার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছেন!
দুর্দান্ত ফর্মে থাকা তুষার প্রথম আলোকে রসিকতা করে বলেছেন, ‘দেখি না ওনারা (নির্বাচকেরা) কত দিন আমাকে দলে না নিয়ে থাকতে পারেন...।’ তিনি যেভাবে ছুটছেন, তাঁকে নিয়ে নির্বাচকদের নতুন করে ভাবার সময় বোধ হয় হয়ে এল!