৩ রানের জন্য সেঞ্চুরি পেলেন না শাহরিয়ার

বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের ম্যাচের দ্বিতীয় দিনটা বেশ নির্বিঘ্নেই কেটেছে, বৃষ্টি খুব একটা ‘ঝামেলা’ করেনি! তবে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা নির্বিঘ্নে ব্যাট করতে পারলেন কই? বিনা উইকেটে ১৫৫ থেকে প্রথম ইনিংসে অলআউট ২৫৮ রানে। দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও সাদমান ইসলাম ছাড়া কারও ব্যাট যে সেভাবে হাসেনি, বোঝাই যাচ্ছে। ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি শাহরিয়ার।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দলের অবস্থাও খুব একটা ভালো নয়। শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেনের তোপে দ্বিতীয় দিন শেষে ভুসি সিবান্দার দলের সংগ্রহ ৬ উইকেটে ৯১। ১২ রানেই পড়েছিল ৩ উইকেট। মার্ক ভারমিউলেন ও ব্রায়ান চারির চতুর্থ উইকেট জুটিতে তোলা ৪২ রান কিছুটা বিপর্যয় রক্ষা করে সফরকারী দলের। ভারমিউলেন ফিরেছেন ৩১ রানে। চারি উইকেটে রয়েছেন ৩৯ রানে। জুবায়েরের সংগ্রহে ৩ ও শাহাদাতের ২ উইকেট।
আগের দিনের বিনা উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। শাহরিয়ার-সাদমানের উদ্বোধনী জুটিতেই এল ১৫৫ রান। সিবান্দার বলে নড়বড়ে ৯০-এ কাটা পড়লেন শাহরিয়ার। ফেরার আগে করলেন ৯৭ রান। খানিকক্ষণ পর অপর ওপেনার সাদমান রান আউট হলেন ৬০ রানে। মূলত এরপরই শুরু হলো ব্যাটিং বিপর্যয়। বিনা উইকেটে ১৫৫ থেকে ২৫৮ রানে অলআউট! শেষ ১০৩ রানেই পড়ল সব কটি উইকেট! দুই ওপেনার ছাড়া বাকিরা ফিফটি পাওয়া তো দূরের কথা, দলের তৃতীয় সর্বোচ্চ মার্শাল আইয়ুবের ২৭। এখান থেকেই বোঝা যাচ্ছে বাকিদের অবস্থা। জিম্বাবুয়ের পক্ষে সিবান্দা নিয়েছেন ৫ উইকেট।
আশার কথা, ব্যাটসম্যানদের হতাশাটা দ্রুতই মুছে ফেলতে পেরেছেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা।