৩ হাজার রানে ইতিহাসে সাকিব

অপেক্ষাটা ছিল ৭১ রানের। ওয়েলিংটন টেস্টে মাত্র ৭১ রান করতে পারলেই ক্রিকেটের খুব ছোট কিন্তু অভিজাত এক ক্লাবের সদস্য হবেন সাকিব আল হাসান। অপেক্ষা ফুরোতে একদমই সময় নিলেন না সাকিব। প্রয়োজনীয় রানটা তুলে নিলেন। টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব। আর সেই সঙ্গে ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান ও ১৫০ উইকেটের ‘ডাবল’ ছুঁলেন বাংলাদেশি অলরাউন্ডার।
টেস্টে দেড় শ উইকেট পেয়ে গেছেন গত অক্টোবরেই। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাইলফলকটা ছুঁয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। ওয়েলিংটন টেস্টের আগে ৪৪ টেস্টে ব্যাট হাতে সাকিব করেছেন ২৯২৯ রান। তাই সাকিবের অপেক্ষাটা ছিল আর মাত্র ৭১ রানের। তাঁর আগে টেস্টে ৩ হাজার রান ও ১৫০ উইকেটের ‘ডাবল’ ছিল মাত্র ১৩ জনের। আর অলরাউন্ডারের যে সংজ্ঞাকে আদর্শ মানেন সবাই সেটা যদি বিবেচনা করা, ব্যাটিং ও বোলিং গড়ের ইতিবাচক পার্থক্যের দিক থেকে এ কীর্তি ছিল মাত্র ৮ জনের। ব্যাটিং ও বোলিং গড়ের ইতিবাচক পার্থক্যে সাকিবের ওপরে আছেন শুধু চারজন। সাকিবের ব্যাটিং-বোলিং গড়ের পার্থক্য এখন ৬.৮৬।
২৩.৭৪ গড়ের পার্থক্য নিয়ে সবার ওপরে থাক লোকটির নাম অনুমিতই, স্যার গ্যারি সোবার্স। এরপরই আছেন আধুনিক সময়ের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ইমরান খান ও শন পোলক। এরপরই আছেন সাকিব আল হাসান।
টেস্টে ৩ হাজার রান ও ১৫০ উইকেটের ‘ডাবল’ এর কীর্তি গড়া বাকিরা হলেন ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ক্রিস কেয়ার্নস, কপিল দেব, অ্যান্ড্রু ফ্লিনটফ, ড্যানিয়েল ভেট্টোরি, রবি শাস্ত্রী, চামিন্দা ভাস, শেন ওয়ার্ন।
গড়ের পার্থক্যে টেস্টের সেরা অলরাউন্ডার
| অলরাউন্ডার | ম্যাচ | রান | গড় | উইকেট | গড় |
| গ্যারিসোবার্স | ৯৩ | ৮০৩২ | ৫৭.৭৮ | ২৩৫ | ৩৪.০৩ |
| জ্যাকক্যালিস | ১৬৬ | ১৩২৮৯ | ৫৫.৩৭ | ২৯২ | ৩২.৬৫ |
| ইমরানখান | ৮৮ | ৩৮০৭ | ৩৭.৬৯ | ৩৬২ | ২২.৮১ |
| শনপোলক | ১০৮ | ৩৭৮১ | ৩২.৩১ | ৪২১ | ২৩.১১ |
| সাকিব আল হাসান | ৪৫* | ৩০০২* | ৪০.০২ | ১৫৯ | ৩২.১৮ |
* এ প্রতিবেদন লেখা পর্যন্ত