৩-১ করে ফেলল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইউন মরগান ইংল্যান্ডের হয়ে টস করলেন। ফিরলেন রানেও। ৪৭ বলে ৪ চার ও ৩ ছয়ে ৬২ রান। ১৬ ম্যাচ পর ফিফটি। ম্যাচের আগের পূর্বানুমানই সত্যি করে তুললেন। অ্যালিস্টার কুকের অনুপস্থিতিতে ইংল্যান্ডের নেতৃত্ব কাঁধে নিয়েই রানে ফিরলেন মরগান। তাঁর সঙ্গে ফিফটি পেয়েছেন প্রথম কোনো টেস্ট দলের বিপক্ষে খেলা জেমস টেলরও (৯০)। কিন্তু কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিন শেষে জয়ী দলের নাম শ্রীলঙ্কা। ইংল্যান্ডের ২৬৫ রান টপকে চতুর্থ ওয়ানডেটা ৬ উইকেটে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ৭ ম্যাচ সিরিজে স্বাগতিকেরা এখন এগিয়ে ৩-১-এ।
লঙ্কানদের জয়টা এসেছে শেষ ওভারের চতুর্থ বলে। আর এতে নেতৃত্ব দিয়েছেন কুমার সাঙ্গাকারা। ১০৫ বলে ৮৬ রান, উইকেটকিপার ব্যাটসম্যান টানা চতুর্থবারের মতো এক পঞ্জিকাবর্ষে এক হাজার ওয়ানডে রানও পেয়ে গেলেন। ৬৯ রানেই দিলশান ও কুশল পেরেরাকে হারিয়ে ফেলার পর শ্রীলঙ্কাকে তৃতীয় উইকেটে ৯৬ রান এনে দেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটি। জয়াবর্ধনের বিদায়ের পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে আরও ৪৯ রান করেছেন সাঙ্গা। ওয়ানডে ক্যারিয়ারের ৯০তম ফিফটি করে সাঙ্গাকারা যখন আউট হলেন, ৫৩ বলে ৫২ রান দরকার শ্রীলঙ্কার। আর কোনো উইকেট না হারিয়েই দলকে জয়ের বন্দরে নিয়ে যান ২০১৪ সালে সবচেয়ে বেশি ওয়ানডে রানের মালিক ম্যাথুস।
সিরিজের পঞ্চম ওয়ানডে পাল্লেকেলেতে ১০ ডিসেম্বর। এএফপি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৬৫ (টেলর ৯০, মরগান ৬২, রুট ৩৬, বোপারা ২২; হেরাথ ৩/৩৬, অজন্তা ৩/৫৬, দিলশান ৩/৬৪, প্রসাদ ১/২৯)।
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ২৬৭/৪ (সাঙ্গাকারা ৮৬, ম্যাথুস ৫১*, জয়াবর্ধনে ৪৪, কুশল ৩১, থিরিমান্নে ১৯*; জর্ডান ২/৩৫, মঈন ১/৪৪, ওকস ১/৫৩)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা।