
বিসিবি সভাপতি নাজমুল হাসান পুরোপুরি ‘না’ করেননি। তবে যে সম্ভাবনার কথা বললেন, তাতে আড়াই-তিন মাসের জন্য আইসিসি সভাপতির পদে নতুন করে বিসিবি কারও নাম প্রস্তাব করবে না বলেই মনে হচ্ছে।
কাল বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে এর কারণ ব্যাখ্যা করে বোর্ড সভাপতি জানালেন, ‘এত অল্প সময়ের জন্য দায়িত্বটা কেউ নিতে চাইবেন বলে মনে হয় না। আর যিনিই সভাপতি হবেন, এই সময়ের মধ্যে তাঁর কাজ হবে শুধু আগামী জুনে বারবাডোজে অনুষ্ঠেয় বার্ষিক সভায় ১০ মিনিটের একটা বক্তৃতা দেওয়া।’
আ হ ম মুস্তফা কামাল আইসিসি সভাপতি হয়েছিলেন বিসিবির মনোনয়নে, তাঁর নাম প্রস্তাব করেছিল অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনি পদত্যাগ করায় আগামী তিন মাসের জন্য যিনি সভাপতি হবেন তাঁকেও হয়তো একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আইসিসির সভাপতি পদ নিয়ে আগ্রহী না হওয়ার আরেকটা কারণ, বিসিবি এ মুহূর্তে সেসব ঝামেলায় যেতে চায় না। তবে সভাপতি হিসেবে কারও নাম প্রস্তাব করার সম্ভাবনাটাকে পুরোপুরি উড়িয়ে না দিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘আমরা ১৫-১৬ এপ্রিলের আইসিসি সভা পর্যন্ত অপেক্ষা করতে চাই। তার আগে যদি আইসিসি থেকে নাম দেওয়ার লিখিত প্রস্তাব পাই তাহলে ভেবে দেখব। লিখিত প্রস্তাব না পেলে এ নিয়ে আর কথা বলতে চাই না।’ এর আগে বোর্ড সভাপতিই জানিয়েছিলেন, আইসিসি মৌখিকভাবে বিসিবির কাছে নতুন সভাপতির নাম চেয়েছে।
সভায় জাতীয় দলের অধিনায়ক, সহ-অধিনায়ক হিসেবে মেয়াদ বাড়ানো হয়েছে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের। আসন্ন পাকিস্তান সিরিজেও ওয়ানডে দলের অধিনায়ক, সহ-অধিনায়ক থাকবেন মাশরাফি ও সাকিব। টেস্টে মুশফিক ও তামিম। তবে নিষেধাজ্ঞার কারণে মাশরাফি প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না বলে সে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। পাকিস্তান সিরিজে জাতীয় দলের ম্যানেজার থাকবেন খালেদ মাহমুদই।
পিসিবির দাবি-দাওয়ার কারণে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ নিয়ে একটা অনিশ্চয়তা থাকলেও সেটা এখন আর নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। না থাকারই কথা। কালকের সভায়ই যে পিসিবিকে ৩ লাখ ২৫ হাজার ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি! নাজমুল হাসানের ভাষায়, ‘পিসিবির বিভিন্ন দাবি ও প্রতিশ্রুত সফরে না যাওয়ার ক্ষতিপূরণ’ হিসেবেই এই অর্থ দেওয়া হবে। পিসিবির দাবি ৯ লাখ ডলার হলেও বোর্ড সভাপতির বিশ্বাস, ৩ লাখ ২৫ হাজার ডলারেই কাজ হবে।
পাকিস্তানকে আনতে শুধু পিসিবিকেই প্রায় আড়াই কোটি দিতে হলেও এই সিরিজের টিম স্পনসরশিপ বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে না বিসিবি। সাহারার সঙ্গে চুক্তি বাতিল করে পাকিস্তান সিরিজের জন্য টিম স্পনসরশিপের যে দরপত্র আহ্বান করে বিসিবি, কাল ছিল সেটা জমা দেওয়ার শেষ দিন। কিন্তু দরপত্রে অংশ নেওয়া চার প্রতিষ্ঠানের কেউই বিসিবির প্রত্যাশা অনুযায়ী দর দেয়নি। এই সিরিজের টিম স্পনসর মানি হিসেবে বিসিবি আড়াই থেকে ৩ কোটি টাকা আশা করলেও ‘টপ অব মাইন্ড’ নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ মূল্য হাঁকিয়েছে ২ কোটি ১১ লাখ টাকা, সেটিও আবার ব্যাংক গ্যারান্টি দেওয়ার শর্ত পূরণ না করেই। দ্বিতীয় সর্বোচ্চ মূল্য (২ কোটি ১৯৯ টাকা) দিয়েছে গ্রামীণফোন। এ ছাড়া টোটাল স্পোর্টস ১ কোটি ৫৫ লাখ ও রবি ৫০ লাখ টাকা মূল্য দিয়েছে বলে জানিয়েছে বিসিবি সূত্র। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সর্বোচ্চ দরদাতাদের কাছ থেকে মূল্য আরও কিছু বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দলকে বিশ্বকাপ চলাকালে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। আলোচনা হয়েছে সেসব নিয়েও। এ ছাড়া ১০ এপ্রিল চট্টগ্রাম ও ১১ এপ্রিল ঢাকায় বিশ্বকাপফেরত দলকে দুটি সংবর্ধনা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রামের সংবর্ধনাটি দেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠকদের সংগঠন ফোরাম। ঢাকারটি দেবে বিসিবি। মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় ওই সংবর্ধনায় বিসিবির সঙ্গে জাতীয় দলকে সংবর্ধনা দিতে আগ্রহী অন্যরাও যোগ দিতে পারবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। আগ্রহীদের তালিকায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার কয়েকটি ক্লাব।
বিসিবির সভায় সিদ্ধান্ত
লিখিত প্রস্তাব পেলে আইসিসির সভাপতির পদ নিয়ে ভেবে দেখা হবে
অধিনায়ক, সহ-অধিনায়কদের মেয়াদ বৃদ্ধি