৩০ কেজি কমানোর পর শুনলেন, সফল হতে সিক্স প্যাক দরকার হয় না
পাকিস্তানে গত এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে মারকাটারি ব্যাটিং আজম খান দেখিয়েছেন। স্ট্রাইক রেটের দিক থেকে তাঁর চেয়ে এগিয়ে ছিলেন না কেউ। বাবার নাম মঈন খান, এ তথ্যটা বেশ ওজন বহন করে। তবু পাকিস্তান দলে তাঁর ডাক মিলছিল না ওজনের কারণেই। সে ওজনটা শারীরিক! সীমানার ওপাশে বল পাঠানো ছাড়া অন্য কোনো কাজে ঘাম ঝরাতে বড্ড আপত্তি ছিল আজমের। বাড়তে বাড়তে ১৩০ কেজি হয়ে গিয়েছিল তাঁর ওজন।
পাকিস্তান দলে ডাক পাওয়ার জন্য গত এক বছরে ৩০ কেজি ওজন কমিয়েছেন আজম। সে সুবাদে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে ডাক মিলেছে তাঁর। যদিও আজমের ওজন কমানোর ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্স দলে খেলেন ডু প্লেসি ও আজম। ফ্র্যাঞ্চাইজি সতীর্থর ওজন কমানোর ব্যাপারে ডু প্লেসির মত, সাফল্য পেতে সিক্স প্যাক বানাতে হয় না।
শরীরচর্চা যাঁরা করেন, তাঁদের প্রায় সবারই লক্ষ্য থাকে সিক্স প্যাক অর্জনের। ৩০ কেজি ওজন কমালেও এখন ১০০ কেজি ওজনের আজমকে সিক্স প্যাক দেখাতে চাইলে বহু দূর হাঁটতে হবে। আজম সেটা করুন, তা চাইছেনও না ডু প্লেসি।
মার্চে স্থগিত হওয়া পিএসএল আবার শুরু হচ্ছে ৯ জুন। পাকিস্তানে আর পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না করোনার কারণে। সংযুক্ত আরব আমিরাতে তাই আবার সাজ সাজ রব, সেখানেই হবে পিএসএলের বাকি অংশ। পিএসএলের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফাফ ডু প্লেসি। সেখানেই বলেছেন, ‘সাফল্য পেতে সিক্স প্যাক দরকার নেই।’
২২ বছর বয়সী আজম খান গত বছর থেকেই নির্বাচকদের নজরে ছিলেন। কিন্তু শরীরের ওজন প্রায় ১৩০ কেজি হওয়ায় তাঁকে ফিট হওয়ার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকেরা। ঘরোয়া টি-টোয়েন্টি সংস্করণে ৩৬ ম্যাচে ১৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা আজম তাই সেদিকেই নজর দিয়েছেন। এক বছরে ঝরিয়েছেন ৩০ কেজি। আর ওজন কমানোর পুরস্কার হিসেবেই ডাক পেয়েছেন পাকিস্তান দলে। তবে ফাফ ডু প্লেসির ধারণা, যেভাবে ব্যাটিং করেন, সেটাই আজমের ডাক পাওয়ার জন্য যথেষ্ট।
ক্রিকেট পাকিস্তানের কাছে এর আগে ডু প্লেসি বলেছিলেন, ‘আজম খান খুব ভালো মারতে পারে। আমি ওকে খুব বেশি দেখিনি, কারণ আমি মাত্র কয়েকটা ম্যাচই খেলেছি। ও সম্ভবত একটা ফিফটি পেয়েছিল। ওর হাতে অনেক শক্তি আছে এবং বল মারতে পছন্দ করে। ওর ওপর নজর রাখতে হবে। বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে ও কী করে, সেটা দেখতে চাই। শেষ দিকে ভালো করতে চাইবে ও।’
এরই মধ্যে আজমের পাকিস্তান দলে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে। ঘরোয়া পর্যায়ে ৩৬টি ম্যাচ খেলে ১৫৭ স্ট্রাইক রেটে রান করেছেন আজম। আছে চারটি ফিফটি। তবে মাত্র ২৩ গড়ে রান তোলাটাই বলছে, টপ অর্ডারে খুব বেশিক্ষণ ভরসা দিতে পারেন না। অনেকেরই দাবি, পিএসএলে কোয়েটা দলেই আজম সুযোগ পেয়েছেন দলটির কোচ তাঁর বাবা মঈন খান বলে। বাবার পরিচয়েই নাকি পাকিস্তান দলেও ডাক পেয়েছেন, এমনটাই অভিযোগ অনেক পাকিস্তান সমর্থকের। পিএসএলের শেষ দিকে তাই এসব সমালোচনার জবাব দেওয়ার পালা আজমের।