৩০ বছর আগে ফিরে গেলেন সাকলায়েন
শেকড় কী আর ভোলা যায়? যায় না বলেই তো মানুষ তাঁর শেকড়ে ফিরতে পারলে স্মৃতিকাতর হয়ে পড়েন। আবেগপ্রবণ হয়ে উঠতেও দেখা যায় অনেককেই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলায়েন মুশতাক পাকিস্তানে ফিরে রাস্তায় ক্রিকেট খেলে তাঁর ৩০ বছর আগের জীবনে ফিরে যাওয়ার আনন্দ পাচ্ছেন। জীবনের সেই টাইমলাইনে উঠে বসে স্মৃতিকাতর তাঁর সময়ে বিশ্বের অন্যতম এই সেরা স্পিনার।
খেলা থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ডে পাড়ি জমান সাকলায়েন। ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে থিতু হয়েছেন সেখানেই। ২০১৯ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড দলের কোচিং স্টাফের সদস্যও ছিলেন ৪৩ বছর বয়সী সাকলায়েন। তবে আবার ফিরে এসেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার গড়ার দায়িত্ব নিয়ে। চলতি বছরের মে মাসে পাকিস্তানের হাই পারফরম্যান্স সেন্টারের আন্তর্জাতিক ক্রিকেটারদের ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন। সে সুবাদে এখন পাকিস্তানেই থাকা হচ্ছে তাঁর।
সাকলায়েনের জন্ম পাকিস্তানের লাহোরে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। কাল ব্যাট হাতে কিশোরদের সঙ্গে নেমে পড়েছিলেন রাস্তার ক্রিকেটে। ব্যাটিংয়ের সেই ভিডিও টুইটারে পোস্ট করে সাকলায়েন লিখেছেন, ‘৩০ বছর আগে যেখানে শুরু হয়েছিল সেখানে আজ খেলতে পেরে আমি অভিভূত।’ টুইটে হ্যাশ ট্যাগ দিয়ে স্মৃতিকাতরও (নস্টালজিয়া) উল্লেখ করেছেন তিনি।
১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৯ টেস্ট ও ১৬৯টি ওয়ানডে খেলেছেন সাকলায়েন। সে সময়ের অন্যতম সেরা স্পিনার বলা হতো তাঁকে। টেস্টে ২০৮ ও ওয়ানডেতে ২৮৮ উইকেটের মালিক তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও বেশ সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে খণ্ডকালীন পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তাঁর।