৩০ বছর পর!

অনেকগুলো মুখই বেশ চেনা। যাঁরা চিনছেন না, তাঁদের জন্য সবার নামই বলে দেওয়া যাক—(বাঁ থেকে) পিটার টেলর, ডেভিড বুন, সাইমন ও’ডোনেল, স্টিভ ওয়াহ, টম মুডি, ডিন জোন্স ও ক্রেইগ ম্যাকডারমট। সামনে থাকা ট্রফিটা ১৯৮৭ বিশ্বকাপের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, এঁরা সবাই অস্ট্রেলিয়ার সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য। কাল সিডনিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের চতুর্থ ওয়ানডের মাঝে যাঁদের হাতে তুলে দেওয়া হলো বিশ্বকাপের জয়ের ব্যক্তিগত পদক। ভাবছেন, ৩০ বছর পর কেন পদক দেওয়া হলো?
আসলে ২০০৭ বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পদক দেওয়া নিয়ে আইসিসি মাথা ঘামাত না। যে কারণে স্বাগতিক দলের খেয়ালখুশিমতো চ্যাম্পিয়ন কোনো দল পদক পেয়েছে, কোনো দল আবার পায়নি। ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৭ সালে চতুর্থ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া এবং ১৯৯৬ সালে ষষ্ঠ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার খেলোয়াড়েরা কোনো পদক পাননি। গত বছর জুনে আইসিসির নির্বাহী কমিটির সভায় এই তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পদক দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আইসিসি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে ব্যক্তিগত পদকগুলো পাঠিয়ে দেবে। বোর্ডের দায়িত্ব এগুলো তাদের বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া যেমন অ্যালান বোর্ডারের দলকে ব্যক্তিগত পদক তুলে দিল।
কেমন লাগছে তিন দশক পর এভাবে পদক পেয়ে? ডিন জোন্সই অনেক আগে একবার বলেছিলেন, ১৯৮৭ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা আসলে সবাই ‘বিস্মৃত নায়ক’। দেশে ফেরার পর সংবর্ধনা পাননি, বিমানবন্দরে কেউ বরণ করে নিতে আসেনি, ক্রিকেট অস্ট্রেলিয়া প্রত্যেক খেলোয়াড়কে দিয়েছিল মাত্র ৬০০ ডলার করে! আইসিসির উদ্যোগে এত দিন পর হয়তো সেই আক্ষেপ কিছুটা হলেও কমবে জোন্সদের। তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।