৩০ বছর বয়সে এসে পুষ্প ফুটছে মালিন্দার

প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক ১১ বছর আগে। এক দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে চলেছে তাঁর দাপুটে পদচারণ। বাঁহাতি স্পিনে ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৫৫৮। কিন্তু লঙ্কান টেস্ট দলে সুযোগটা মিলছিল না কোনোভাবেই। অবশেষে ফুল হয়ে ফুটছে মালিন্দা পুষ্পকুমারার ভাগ্য। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে সুযোগ পাচ্ছেন। যদিও বয়সটা ত্রিশের কোঠায় চলে এসেছে।
গত ১১ বছরে রেকর্ডটা বানিয়েছেন দারুণ সমৃদ্ধ। টেস্ট দলে সুযোগ মিলছিল না, ভুল সময়ের হিসাবে। শ্রীলঙ্কান দলে বাঁহাতি স্পিনারের কাজটা দারুণভাবে করে যাচ্ছেন রঙ্গনা হেরাথ। আন্তর্জাতিক ক্রিকেটে হেরাথের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, তাতে লঙ্কান নির্বাচকেরা আর দ্বিতীয় কোনো চিন্তার সুযোগ পাননি। তবে এবার ইংল্যান্ড লায়নসের (ইংল্যান্ড ‘এ’) দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে তাঁর বোলিং পারফরম্যান্সটাকে গোনার মধ্যে নিতেই হচ্ছে।
ইংলিশদের বিপক্ষে ২০৫ রান দিয়ে ১৩ উইকেট নিয়ে নির্বাচকদের দরজায় কারাঘাত করেছেন জোরের সঙ্গেই। বিদেশি দলগুলোর বিপক্ষে যে প্রথম শ্রেণির ম্যাচগুলো খেলেছেন, তাতে ২৬.১৭ গড়ে ২৯ উইকেটও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সম্ভাব্য কার্যকারিতা। ঘরোয়া ক্রিকেটের তারকার সামনে এখন আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরার অবারিত সুযোগ।
২০১২ সালে প্রথম বিদেশি দলের বিপক্ষে খেলার সুযোগ হয় পুষ্পকুমারার। ঢুকে যান শ্রীলঙ্কা ‘এ’ দলে। সেবারই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ‘এ’ দলের বিপক্ষে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়। পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। ২০১৫ সালে খেলেছেন পাকিস্তান দলের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে হেরাথের সঙ্গী হয়ে পুষ্পকুমারা কেমন করেন, সেটি কিন্তু কৌতূহল জাগাবেই। সূত্র: ক্রিকইনফো।