৩০ বলে ৯৫ হেলসের
ছুঁতে ছুঁতেও ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ছোঁয়া হলো না অ্যালেক্স হেলসের। পরশু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকে আউট হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান। তাই টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড থেকে হাতছোঁয়া দূরত্বেই থামতে হলো নটিংহামশায়ারের হয়ে খেলা হেলসকে। ডারহামের বিপক্ষে মাত্র ৩০ বলে ৯৫ রান করেছেন হেলস। ২০১৩ আইপিএলে পুনের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালুরুর গেইল।
হেলসের রেকর্ড হয়নি। তবে ১৮৩ রান টপকে ম্যাচ জেতা নটিংহামশায়ারের একটি রেকর্ড ঠিকই হয়ে গেছে। হেলস-তাণ্ডবে প্রথম ছয় ওভারে ১০৬ রান তোলে দলটি। টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ দলীয় রান। হেলস আউট হয়েছেন অষ্টম ওভারের প্রথম বলে। দশম ছক্কা মারতে গিয়ে বল আকাশে উঠিয়ে উইকেটকিপারের ক্যাচ হয়েছেন হেলস। ১৮৪ রানের লক্ষ্য তাঁর দল পেরিয়ে যায় ১৪তম ওভারেই। বিবিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া।