৩০ লাখে ম্যাচ পাতানোর প্রস্তাব ভারতীয় ফুটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

•  দুই খেলোয়াড়কে ৩০ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছে
•  ক্লাবের দাবি মোট সাতজন খেলোয়াড়কে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল

মিনের্ভা পাঞ্জাবের খেলোয়াড়দের ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফাইল ছবি
মিনের্ভা পাঞ্জাবের খেলোয়াড়দের ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফাইল ছবি

ফুটবলে ভারতের এখন ওড়ার সময়। কিছুদিন আগে সফলভাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের চিন্তাভাবনা চলছে। ধীরে ধীরে এশিয়ান ফুটবলের শক্তি হয়ে ওঠার পথে দেশটি। তবে নতুন এক বিতর্ক এসে নাড়া দিয়ে গেল ভারতের ফুটবলকে। আই লিগের এক ক্লাবকে নাকি নিয়মিত ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হচ্ছে! 

আই লিগের ক্লাব মিনের্ভা পাঞ্জাবের দুই ফুটবলারকে কে বা কারা ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছে। ম্যাচ ছেড়ে দিলেই ৩০ লাখ রুপি (প্রায় ৩৯ লাখ টাকা) ! বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গেই সরব হয়েছে মিনের্ভা কর্তৃপক্ষ। ভারতের ফুটবল ফেডারেশনের সঙ্গে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ করেছে তারা। ওই দুই খেলোয়াড়কে ম্যাচ পাতানোর প্রস্তাব দিতে ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। তবে মোবাইলে খুদে বার্তাও পাঠিয়েছে চক্রটি।
১০ দলের টুর্নামেন্টে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মিনের্ভার মালিক রণজিৎ বাজাজ পরে দিয়েছেন আরও ভয়ংকর খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের আরও ৫ জন খেলোয়াড়কে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে সংখ্যাটা সাত।’ ভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) এ সমস্যা নিয়ে ভাবতে বলেছেন বাজাজ, ‘এ নিয়ে আমরাই প্রথম অভিযোগ করেছি শুনে খুবই অবাক হয়েছি। এটা নিশ্চয় এই প্রথম হচ্ছে না। ফেডারেশনের উচিত এটা খুব গুরুত্ব দিয়ে দেখা। না হলে এ দেশে খেলার বিশুদ্ধতা ও মর্যাদা শেষ হয়ে যাবে।’
এ নিয়ে নিজেদের সতর্ক থাকার কথা জানিয়েছেন এআইএফএফের ‘ইনটিগ্রিটি অফিসার’ জাভেদ সিরাজ, ‘আমরা এ ব্যাপারে অবগত আছি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেটা করছি।’