৩০০ করবেন গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এখন আর বিস্ময় জাগায় না। খুব বিরলও আর নেই। রোহিত শর্মা তো ২৬৪ রান করে ডাবল সেঞ্চুরিকেও নতুন উচ্চতায় নিয়ে গেছেন। মানুষের সাধ্যের সীমাহীন সীমাও প্রমাণিত আরেকবার। ডাবল সেঞ্চুরি প্রায় পানসে, এখন প্রশ্ন ওয়ানডে ট্রিপল সেঞ্চুরি দেখবে কবে? কে হবেন প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান! উত্তরটা জানা আছে হাশিম আমলার। প্রোটিয়া ব্যাটিং-শিল্পীর ধারণা, ক্রিস গেইল করতে পারেন ট্রিপল সেঞ্চুরি!
আমলার সঙ্গে একমত হওয়ার লোক অবশ্য কম পাওয়া যাবে না। মাত্র কদিন আগেই গেইল বিশ্বকাপকে উপহার দিয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরি। আমলা নিজেও গত ম্যাচে ডাবলের সম্ভাবনা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত যদিও আউট হয়েছেন ১৫৯ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের কথোপকথন ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে গেল ট্রিপলে। আমলা আলোচনার ইতি টানলেন এই বলে, ‘ক্রিস গেইল সম্ভবত খুব শিগগিরই ট্রিপল সেঞ্চুরি করে ফেলবে!’
প্রতিশ্রুতিশীলদের মধ্যে অনেকে কিন্তু আমলাকেও রাখবেন। গেইল, ডি ভিলিয়ার্স বা ওয়ার্নারের মতো বিস্ফোরক ব্যাটিং আমলা অবশ্যই করেন না। কিন্তু ক্রিকেট শটেই যা করে চলেছেন, তাতেই চোয়াল ঝুলে যাচ্ছে অনেকের। রেকর্ডের পর রেকর্ড গড়ছেন। তিন-তিনবার দেড় শ ছোঁয়াও হয়ে গেছে!
‘যন্ত্র’ শব্দটি তাঁর ব্যাটিংয়ের সঙ্গে একদমই যায় না, কিন্তু রান করার ক্ষেত্রে তিনি প্রায় যন্ত্রই। ম্যাচের পর ম্যাচ রান করেই যাচ্ছেন। পরশু ২০তম সেঞ্চুরি ছোঁয়ার রেকর্ড গড়লেন ১০৮ ইনিংসে। অথচ সংবাদ সম্মেলনে ধারাবাহিকতার প্রসঙ্গ উঠতেই স্মিত হাসিতে আমলার বিনয়ী জবাব, ‘প্রতি ম্যাচে রান করতে পারলে তো আমার ভালোই লাগবে। কিন্তু সেটা তো সম্ভব নয়...যদি না আপনি ডন ব্র্যাডম্যান কিংবা এবি ডি ভিলিয়ার্স হন!’
রান করার ধারাবাহিকতায় ব্র্যাডম্যান আর ডি ভিলিয়ার্সকে পাশাপাশিই রাখেন আমলা, শিরোনাম হতে পারে এটিই। কিন্তু সেটি ছাপিয়ে আসলে ফুটে ওঠে আমলার বিনয় আর শ্রদ্ধাবোধ। ব্র্যাডম্যান বা ডি ভিলিয়ার্স হয়তো আমলার চেয়ে বড় নাম, কিন্তু রান করার ধারাবাহিকতায় আমলাও তো কম যান না! ব্র্যাডম্যানের ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরির মতো না হলেও আমলা ১০৮ ইনিংসে ২০ সেঞ্চুরি কম বিস্ময়-জাগানিয়া নয়। যেখানে আধুনিক ব্র্যাডম্যান শচীন টেন্ডুলকারের ২০ সেঞ্চুরি ছুঁতে লেগেছিল ১৯৭ ইনিংস!
আমলা আলাদা এখানেই। যত ভালো ব্যাটসম্যান, তার চেয়েও অনেক বড় মানুষ! ক্রিকইনফো।