৩০৫ জয়ের জন্য যথেষ্ট, নাকি...

ব্যাটিংয়ে রেকর্ড গড়া এক দিন কাটিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের (১২৮) রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমকে নিয়ে গড়েছেন জুটির রেকর্ড (১৬৬)। দলীয় স্কোরের রেকর্ডও (৩০৫ রান) হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে এত রান বাংলাদেশ কখনো করেনি। ইংল্যান্ডের বিপক্ষে ৩০০-ই হলো প্রথম। এশিয়ার বাইরে কোনো দলকে ৩০০-র বেশি লক্ষ্যও দিল মাত্র দ্বিতীয়বার। কিন্তু এ রান নিয়েও কি নিশ্চিন্তে থাকতে পারছে বাংলাদেশ?
কেনিংটন ওভালে যে এ রান টপকানোর বেশ নজির আছে। স্বাগতিক ইংল্যান্ড নিজেরাই সে দুর্ভাগ্যের শিকার। ২০০৭ সালে ইংল্যান্ডের ৩১৬ রান ২ বল বাকি থাকতে পেরিয়ে গেছে ভারত। আর গত বছর ঠিক ৩০৫ রান করেও লাভ হয়নি শ্রীলঙ্কার। জেসন রয়ের ১১৮ বলে ১৬২ রানের ঝড়ে ১১ বল বাকি থাকতেই ম্যাচ করে দিয়েছে ইংল্যান্ড। ও বলা ভালো, সে ম্যাচটা কিন্তু ছিল ৪২ ওভারের!
২০১৫ বিশ্বকাপের পর থেকেই রান তাড়া করায় বিশেষজ্ঞ হয়ে উঠেছে ইংল্যান্ড। দেশে হোক কিংবা দেশের বাইরে, ৩০০ পেরোনো লক্ষ্য তাড়া করতেও এখন সমস্যা হয় না ইংল্যান্ডের। সত্যি হলো, গত বিশ্বকাপের পর থেকে নিজেদের মাঠে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে ওয়ানডেতে ১৩ ম্যাচে প্রথমে বল করে গড়ে ২৯১ রান দিয়েছে ইংল্যান্ড। প্রথমে বল করে এত রান হজম করা তাদের জন্য নতুন নয়। আবার সেই ১৩ ম্যাচের মধ্যে তারা হেরেছে মাত্র তিনটিতে। এর মধ্যে নিউজিল্যান্ড ৩৯৮ রান তোলার পর ৪৬ ওভারে ৩৬৫ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড।
রান তাড়া করা তাদের জন্য কঠিন নয় এখন, মাঠ ছেড়ে বেরোনোর সময় সতীর্থদের পিঠ চাপড়ে সে কথাই হয়তো মনে করিয়ে দিতে চেয়েছেন মরগান। কিন্তু এটি বড় টুর্নামেন্ট। প্রথম ম্যাচে হারলে টুর্নামেন্টের সমীকরণ জটিল হয়ে যাবে। এই চাপ সামলানোর ভার আছে। মাঠে গলা ফাটাচ্ছেন বাংলাদেশি সমর্থকেরাও। ম্যাচে স্নায়ুর লড়াই বড় প্রভাবক হয়ে উঠলে এসব বাংলাদেশের পক্ষে থাকবে। পক্ষে থাকবে গত বিশ্বকাপে বাংলাদেশের শেষ মুহূর্তে বাংলাদেশের নাটকীয় জয়টিও।
তবে অনেক কিছুই নির্ভর করছে বোলাররা চাপ কতটা তৈরি করতে পারেন, তার ওপর। আর এখানেই আজকের বাংলাদেশ দল নির্বাচন মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ তিন পেসার ও সাকিবকে ধরে চার মূল বোলার নিয়ে খেলছে। বাকি ১০ ওভার কয়েক জন মিলে করে দেবেন। এর মধ্যে মূল বোলারদের একজন মার খেলে মাশরাফিকে ভাবতে হবে আরও বিকল্পের খোঁজ।
পিচে পেসারদের চেয়ে স্পিনাররাই ভালো করেছেন। মেহেদী হাসান মিরাজকে বসিয়ে রাখার জন্য না শেষে পস্তাতে হয়, যিনি ইংল্যান্ডের বিপক্ষে একটা মানসিক সুবিধা হয়তো এনে দিতে পারতেন দলকে।
রানটাও আরও ১৫-২০ বেশি হতেই পারত। তবু আশায় বুক বেঁধে ম্যাচের বাকিটা এখন দেখার পালা।