৩০৮ রান করতে হবে বাংলাদেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ম্যাককলাম। ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ম্যাককলাম। ফাইল ছবি

২০১৭ সালে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে রান উৎসবে মেতেছিল বাংলাদেশ দল। প্রতিপক্ষের দিকে বাংলাদেশ ছুড়ে দিয়েছিল ৩৯৫ রানের বিশাল লক্ষ্য। ম্যাচটাও বাংলাদেশ জিতেছিল ১৯৯ রানের বিশাল ব্যবধানে। এবার বাংলাদেশকে দিতে হবে তেমনই এক পরীক্ষা।। আজ ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া স্বাগতিক দল নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৩০৭ রান। ৩০৮ রানের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ দল।

আইরিশ ওপেনার জেমস ম্যাককলামই বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলেছেন। ডাবলিনের ঠান্ডায় পেসারদের ভালো করার কথা থাকলেও আইরিশ ওপেনার কোনো সুযোগই দেননি। টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দলের নতুন বল হাতে পেয়েছিলেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। আইরিশ ওপেনার জ্যাক টেকটরকে (১৫) মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে শুভ সূচনা করেছিলেন রুবেল। পরে সাকিব আল হাসানও দলকে দ্বিতীয় বেক থ্রু এনে দিয়েছিলেন। তাঁর বলে লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনে নামা ব্যাটসম্যান জেমস শ্যানন (২৫ বলে ১৮ রান)।

সাকিব দারুণ নিয়ন্ত্রণে বল করেছেন। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়েছেন মাশরাফির অনুপস্থিতিতে দলের নেতৃত্বে থাকা সাকিব। কিন্তু সাকিবের কিপটেমিকে উপেক্ষা করে ঠিকই দ্রুতগতিতে রান তুলেছেন ম্যাককলাম, যা ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারানো নেকড়েদের বড় স্কোর এনে দেওয়ার পথে রেখেছেন বড় ভূমিকা। সিমি সিংকে নিয়ে তৃতীয় উইকেটে তুলেছেন ১২৪ রান। ৩৮তম ওভারে রুবেলের বলে ক্যাচ আউট হওয়ার আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০৯ বলে ১০২ রান করা ম্যাককলাম মেরেছেন ১৫ চার ও ১ ছক্কা।

সিমি সিং তাঁর চেয়েও আগ্রাসী ছিলেন। ৯৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৯১ রান করে আউট হয়েছেন ৪৫তম ওভারে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সিংয়ের বিদায়ের (২৫১/৫) পরও রান তোলার গতি কমেনি আয়ারল্যান্ড উলভসের। শেষ ৫ ওভারে ৫১ রান তুলেছে দলটি।