৩১ বছর পর অস্ট্রেলিয়া-জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের জয়ের নায়ক এল্টন চিগুম্বুরা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে দারুণ এক জয় এনে দিলেন অধিনায়ক l এএফপি
জিম্বাবুয়ের জয়ের নায়ক এল্টন চিগুম্বুরা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে দারুণ এক জয় এনে দিলেন অধিনায়ক l এএফপি

মিচেল স্টার্ককে ফ্লিক করে মিড উইকেট দিয়ে উড়িয়েই ব্যাট উঁচিয়ে ধরলেন প্রসপার উতসেয়া। আরেক পাশে দু হাত উঁচিয়ে তখন এল্টন চিগুম্বুরা। সর্বশেষ যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে, দুজনের কেউ তখন পৃথিবীর আলো দেখেননি। ড্রেসিংরুমের সামনে লাফিয়ে ওঠা ব্রেন্ডন টেলর নন, কিংবা মাঠে ছুটে আসা সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালাররাও। ১৯৮৩ বিশ্বকাপে কিম হিউজের অস্ট্রেলিয়াকে হারিয়ে যখন ক্রিকেট বিশ্বকে চমকে দিল ডানকান ফ্লেচারের দল, এই জিম্বাবুয়ে দলের কারও তখন জন্মই হয়নি। অভাবনীয় ওই জয় দিয়েই ওয়ানডের ভুবনে যাত্রা শুরু করেছিল আফ্রিকার দেশটি। ৩১ বছর পর, নিজেদের ৪৩১তম ওয়ানডেতে এসে আবার সেই স্বাদ পেল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়!
দুই দিন আগে এই উইকেটেই উতসেয়ার হ্যাটট্রিকে দক্ষিণ আফ্রিকাকে ২৩১ রানে বেঁধে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় দেখা মেলেনি জয়ের। কাল হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেটে স্পিন ধরল আরও বেশি। প্রথম দুই ম্যাচে ৩৫০ ও ৩২৭ রান তোলা অস্ট্রেলিয়ার ইনিংস তাই শুরু থেকেই গতিহারা। ৯৭ রানে যখন পঞ্চম উইকেট পড়ল, ইনিংস তখন ছুঁতে চলেছে ৩০ ওভার! শেষ পর্যন্ত চোট কাটিয়ে ফেরা অধিনায়ক মাইকেল ক্লার্ক (১০২ বলে ৬৮*) আর সঙ্গে নামা ব্র্যাড হাডিনের (৪৯) ব্যাটে ২০০ ছাড়ায় অস্ট্রেলিয়া।
৪২ রানের স্বস্তির উদ্বোধনী জুটির পর আবারও ব্যাটিংয়ে পথ হারায় জিম্বাবুয়ে। ফর্মে থাকা শন উইলিয়ামস যখন বিদায় নেন, রান তখন ৫ উইকেটে ১০৬। তবে চিগুম্বুরার (৫২*) ব্যাটে ছিল দলকে জেতানোর প্রতিজ্ঞা। যোগ্য সঙ্গী পেয়ে যান উতসেয়ার মাঝে (২৮ বলে ৩০*)। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে দুজনের ম্যাচ জেতানো জুটি ৫৮ বলে ৫৫। তথ্যসূত্র: টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০৯/৯ (ফিঞ্চ ১১, হিউজ ১০, ক্লার্ক ৬৮*, বেইলি ১, ম্যাক্সওয়েল ১৩, মার্শ ১৫, হাডিন ৪৯, ফকনার ০, স্টার্ক ৩, কাটিং ২৬, লায়ন ৮*; চাতারা ০/৫৬, নিয়ুম্বু ১/৩০, উতসেয়া ২/৪৫, তিরিপানো ২/৩৪, উইলিয়ামস ২/২১, ওয়ালার ১/২১)। জিম্বাবুয়ে: ৪৮ ওভারে ২১১/৭ (মায়োয়ো ১৫, রাজা ২২, মাসাকাদজা ১৮, টেলর ৩২, ওয়ালার ১১, উইলিয়ামস ৪, চিগুম্বুরা ৫২*, তিরিপানো ৩, উতসেয়া ৩০*; স্টার্ক ২/৪১, মার্শ ০/১৩, কাটিং ০/১৮, ফকনার ০/২৮, লায়ন ৪/৪৪, ফিঞ্চ ০/১৯, ম্যাক্সওয়েল ১/৪১, ক্লার্ক ০/২)। ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এল্টন চিগুম্বুরা।