গৌরবের ড্র খুলনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর তামিম
ডাবল সেঞ্চুরির পর তামিম

বড় ইনিংস খেলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন। শতক পেয়ে গিয়েছিলেন গতকালই। কিন্তু ফর্মে থাকা তামিম ইকবাল শতকেই সন্তুষ্ট হবেন কেন? খুলনা টেস্টের পঞ্চম দিন সকাল থেকে নতুন এক প্রত্যয়ই খেলে গেল তাঁর চোখে মুখে। হ্যাঁ, তামিম পৌঁছেছেন আরও উঁচু আসনে, পেয়ে গেছেন তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি। জুনায়েদ খানকে ছক্কা হাঁকিয়ে দারুণ ঢংয়েই পা রাখলেন অনন্য এই ক্রিকেটীয় কীর্তির আঙিনায়। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই ডাবল সেঞ্চুরিতে তামিম ব্রাকেটবন্দী হয়েছেন মুশফিকুর রহিমের সঙ্গে। 
তামিম আউট হয়েছেন ২০৬ রানে। ২৭৭ বল খেলে ১৭টি চার ও সাতটি ছয়ের মারে সাজানো তামিমের এই অনন্য ইনিংসটি। মোহাম্মদ হাফিজের বলে স্টাম্পড হয়েছেন তিনি। তাঁর উদ্বোধনী জুটি-সঙ্গী ইমরুল কায়েস অবশ্য ফিরেছেন ১৫০ রান করে। সাজঘরে ফিরে গেছেন মুমিনুল হকও। 
চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে বিনা উইকেটে ২৭৩ নিয়ে আজ পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। তামিম আর ইমরুল তাদের জুটিটি নিয়ে যান ৩১২ রানে। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে একমাত্র তিনশ রানের উদ্বোধনী জুটি। ইমরুল ফেরেন তাঁর দেড়শ পূরণ করে জুলফিকার বাবরের বলে অতিরিক্ত ফিল্ডার বাবর আজমের হাতে ধরা পড়ে। ওয়ান ডাউনে খেলতে নামা মুমিনুলকে বোল্ড করেন জুনায়েদ খান। তাঁর ব্যাট থেকে আসে ২১। 
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৯। লিড ১০৩ রানের। হাতে ৭ উইকেট রেখে বাংলাদেশ এই লিডটাকে আর কত স্ফীত করতে পারে, দেখার বিষয় এখন এটিই।