জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলে কোনো চমক নেই। বিসিবির দেওয়া ৩২ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন জাতীয় দলে নিয়মিত প্রায় সবাই। সোহাগ গাজী নিষিদ্ধ, উল্লেখযোগ্যদের মধ্যে উপেক্ষিত শুধু জিয়াউর রহমান, ফরহাদ রেজা ও শাহরিয়ার নাফীস। চোটের কারণে এশিয়ান গেমসে যেতে না-পারা অলরাউন্ডার মুক্তার আলী ফিরেছেন। দুই স্পিনার সাকলাইন সজীব ও জুবায়ের হোসেনসহ জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রাথমিক দলে থাকা ১২ জনই আছেন এই দলে। জুবায়ের অবশ্য ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলেও।
ডাক পাওয়া খেলোয়াড়দের আজ বেলা দুইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। তিন টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে ১৭ অক্টোবর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
প্রাথমিক দল: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, সাকলাইন সজীব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, এনামুল হক (বিজয়), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ, ইলিয়াস সানি, আবদুর রাজ্জাক, মার্শাল আইয়ুব ও সৌম্য সরকার।