৩৩ বছর পর গাভাস্কারের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিলি গাভাস্কারকে দেখাচ্ছেন বলটা কোথায় লেগেছিল! ছবি: ক্রিকইনফো।
লিলি গাভাস্কারকে দেখাচ্ছেন বলটা কোথায় লেগেছিল! ছবি: ক্রিকইনফো।

মেলবোর্ন টেস্টের আজ চা-বিরতিতে সঞ্জয় মাঞ্জরেকারের সঞ্চালনায় শুরু হলো আলোচনা অনুষ্ঠান। সঙ্গে আছেন সুনীল গাভাস্কার ও কপিল দেব। হঠাৎ ৩৩ বছর আগের একটি ম্যাচের ভিডিও। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে এ এমসিজিতেই সিরিজের তৃতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত না মানতে পেরে এক কাণ্ড করে বসলেন গাভাস্কার। সে ঘটনার জন্য এত দিন পর দুঃখ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ডেনিস লিলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন গাভাস্কার। আম্পায়ার রেক্স হোয়াইটহেড মুহূর্তেই আঙুল উঠিয়ে দিলেন। বেজায় খ্যাপলেন গাভাস্কার। সাবেক ভারত অধিনায়কের ধারণা ছিল, বলটা ব্যাটে লেগে প্যাডে এসেছে। লিলির সঙ্গে একচোট কথার লড়াইও হলো। গাভাস্কার এতটাই চটলেন, অপরপ্রান্তে থাকা আরেক ওপেনার চেতন চৌহানকে বলেন, খেলার দরকার নেই! এরপর গজরাতে গজরাতে সাজঘরে ফিরতে থাকলেন বিমূঢ় চৌহানকে নিয়ে। কিন্তু সীমানা দড়ির কাছে আসার পর দলের ম্যানেজার শহীদ দুরানি ও সহকারী ম্যানেজার বাপু নাড়কার্নি ছুটে এসে গাভাস্কারকে বোঝাতে থাকলেন। চৌহানকে বললেন পিচে ফিরে যেতে।
এত দিন পর গাভাস্কারের আত্মোপলব্ধি, সেদিন অমনটা করা মোটেও ঠিক হয়নি। ভারত কিংবদন্তি বললেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি। এটা আমার খেলোয়াড়ি জীবনের অনেক বড় ভুল ছিল। একজন ভারতীয় অধিনায়ক হিসেবে এমন আচরণ কখনো করিনি। কোনোভাবেই এটি যথার্থ বলা যায় না। আউট হই বা না হই, ওভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। এ সময়ে যদি অমনটা করতাম, নির্ঘাত জরিমানা গুনতে হতো।’
ভারতের আরেক কিংবদন্তি কপিল জানালেন, সে সময় গাভাস্কারের সিদ্ধান্তকেই সমর্থন করেছিলেন তাঁরা। ভারতের সাবেক এ অধিনায়ক বললেন, ‘ওই সময় আমি একেবারেই তরুণ ছিলাম। কিন্তু এটা বলতে পারি, আমরা সবাই অধিনায়কের সঙ্গেই ছিলাম। ভুল কিংবা সঠিক হোক—সব সময় অধিনায়ককে সমর্থন জানিয়েছি। তিনি (গাভাস্কার) এখন এখানে বলতে পারেন, ভুল করেছিলাম। তবে আমরা তখন তাঁকে সমর্থনই করেছিলাম।’ ম্যাচটি কিন্তু ভারতই জিতেছিল, ৫৯ রানে। তথ্যসূত্র: পিটিআই ও স্টারস্পোর্টস ১।