৩৩৯ টপকে সুপার লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪০ রানের পেছনে ছোটা শেখ জামাল ৩২৭ রানে নবম উইকেট হারালেও ইলিয়াস সানি (৩৯*) ফিরেছেন ম্যাচ জিতিয়ে, সতীর্থদের কাঁধে চড়ে। কাল বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে l ছবি: বিসিবি
৩৪০ রানের পেছনে ছোটা শেখ জামাল ৩২৭ রানে নবম উইকেট হারালেও ইলিয়াস সানি (৩৯*) ফিরেছেন ম্যাচ জিতিয়ে, সতীর্থদের কাঁধে চড়ে। কাল বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে l ছবি: বিসিবি
.
.

ইতিহাস পক্ষে ছিল না। বাংলাদেশের মাটিতে এর আগে লিস্ট ‘এ’ ম্যাচে কোনো দল ৩৩০ রানের বেশি লক্ষ্য ছুঁয়ে জিততে পারেনি। কাল বিকেএসপিতে শেখ জামালের লক্ষ্য তো ছিল আরও বড়, ৩৪০।
সেই রানটাই কিনা টপকে গেল ধানমন্ডির দলটি। শ্বাসরুদ্ধকর নাটকীয়তায় তারা মোহামেডানকে হারাল ১ উইকেটে। এই জয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সর্বশেষ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল। হেরেও অবশ্য পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি মোহামেডানের। মুখোমুখি লড়াইয়ের হিসাবে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও লিজেন্ডস অব রূপগঞ্জকে টপকে সুপার লিগে গাজী গ্রুপ, প্রাইম দোলেশ্বর, আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামালের সঙ্গী মোহামেডান।

.
.

কাল টানা তৃতীয় জয়ে অবনমন এড়িয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামালের প্রতিবেশীরা ৫ উইকেটে হারিয়েছে নবাগত খেলাঘরকে। খেলাঘরকে এখন রেলিগেশন লিগ খেলতে হবে ভিক্টোরিয়া ও পারটেক্সের সঙ্গে। দুটি দল নামবে প্রথম বিভাগে। ফতুল্লায় আবার হেরেছে প্রথম নয় ম্যাচেই জিতে উড়তে থাকা গাজী গ্রুপ। প্রাইম ব্যাংকের কাছে ৭ উইকেটের হারের পরও অবশ্য প্রথম পর্ব শেষে গাজী সবার ওপরেই। আগেরবার সুপার লিগে উঠতে ব্যর্থ দলটির ১১ ম্যাচে ১৮ পয়েন্ট।
৩৪০ রানের ‘এভারেস্ট’ টপকানোর লক্ষ্যে বিকেএসপির ৩ নম্বর মাঠে মারকাটারি শুরুই করেছিল শেখ জামাল। ফজলে রাব্বী ও প্রশান্ত চোপড়া ৬.৩ ওভারে ৫৮ রান তুলে ফেলার পর বিচ্ছিন্ন হন। ওই ৫৮ রানেই আউট আবদুল্লাহ আল মামুনও। এরপর ব্যাটিং অর্ডারে উঠে আসা সোহাগ গাজীকে নিয়ে ১১.৪ ওভারে চোপড়ার ৯৬ রানের জুটি। দলকে ১৫৪ রানে রেখে মিড অফে ক্যাচ হওয়ার আগে ৬০ বলে ১০ চার ও ৫ ছয়ে ৮৬ রান করে যান চোপড়া। তাঁর বিদায়ের পর ১৮৫ রানের মধ্যে আরও ২ উইকেট হারালেও সোহাগের ব্যাট ছিল সরব। ৬৪ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮৯ করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন সোহাগ। রান তাড়ার পরের অংশটার নায়ক তানভীর হায়দার ও ইলিয়াস সানি। ৭২ বলে ৭৭ রান করে তানভীর যখন ফিরে যান, হাতে ৩ উইকেট, ২৬ বলে ২০ রান দরকার শেখ জামালের। ঠিক পরের বলেই পেসার আজিমের বলে বোল্ড মাহমুদুল হক। ২ ওভার পর নুরুদ্দিন যখন আজিমকে চতুর্থ উইকেট উপহার দিলেন, ১৩ বলে ১৩ রান দরকার শেখ জামালের। শাহাদাত হোসেনকে নিয়ে বাকি রানটা তুলে ফেলেন সানি। শেষ ওভারের চতুর্থ বলে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন শাহাদাত।

.
.


টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শেখ জামালের অধিনায়ক রাজিন সালেহ। ১৩ ওভার ২ বলে ৭৬ রান তুলেও নিয়েছিলেন মোহামেডানের দুই ওপেনার শামসুর রহমান ও সৈকত আলী। ২৮ বলে ৮ চারে ৩৯ রান করে সৈকত ফিরলেও শামসুর ফিরেছেন পুরো ৫০ ওভার খেলে। ১৫২ বলে অপরাজিত ১৪৪ রান, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যানের সর্বোচ্চ। ১৩৪ বলে সেঞ্চুরি ছোঁয়া শামসুরের ইনিংসে সাতটি করে চার ও ছক্কা। ১৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটিতে শামসুরের সঙ্গী রনি তালুকদারও (১১০) পেয়েছেন সেঞ্চুরি। শেষ ১০ ওভারে ১১৩ রান তুলেছে মোহামেডান।
ওদিকে পাশের মাঠে পুরো ৫০ ওভার খেলে খেলাঘর তুলতে পারে মাত্র ২০৪ রান। ওপেনার জসিমউদ্দিন (৮৯) ও মোহাম্মদ আশরাফুলের (৫৬) ফিফটিতে ৫ উইকেট হারিয়েই রানটা পেরিয়ে যায় কলাবাগান।
ফতুল্লায় মুমিনুল (৭৯) ও জহুরুলের (৬৬ আহত অবসর) ফিফটির পর ২১৪ রানে অলআউট গাজী। ধীরেসুস্থে, মাত্র ৩ উইকেট খুইয়েই জয় তুলে নেয় ১১ ম্যাচে অষ্টম জয় পাওয়া প্রাইম ব্যাংক।

.
.