৩৩-এ অভিষেক, ২০০ টেস্ট উইকেট, ব্র্যাডম্যানের সঙ্গে তিক্ততা

৩৩ বছর বয়সের আগে টেস্ট খেলতে পারেননি। কিন্তু তারপরেও তিনি ‘গ্রেট’। ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি তুলে নিয়েছিলেন ২০০ উইকেট। ১১ বছরের ক্যারিয়ারে ২১৬ উইকেটের বিপরীতে তাঁর গড় মাত্র ২৪.২১। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ সিরিজে ১৪.৫৯ গড়ে ৪৪ উইকেট নেওয়ার পরেও আর কখনোই অস্ট্রেলীয় দলে ডাক পাননি। অনেকেই মনে করেন স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না থাকার জন্যই তিনি বাদ পড়েছিলেন।
ক্ল্যারি গ্রিমেট তাঁর নাম। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনারই বলা হয় তাঁকে। যে ‘ফ্লিপার’কে অস্ত্র বানিয়ে রাজ্য শাসন করেন হালের লেগ স্পিনাররা, গ্রিমেটকে বলা হয় তার জনক। ক্যারিয়ারে প্রতি ম্যাচে গড়ে ৬টি করে উইকেট নেওয়া এই লেগ স্পিনার আরও একটি কারণে ক্রিকেট ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। প্রথম সাক্ষাতেই যে ব্র্যাডম্যানকে বোল্ড আউট করেছিলেন তিনি।
তাঁর জন্ম নিউজিল্যান্ডের ওয়েলিংটনে, ১৮৯১ সালের ডিসেম্বরে। নির্দিষ্ট করে বললে বড়দিনের আনন্দময় মুহূর্তে। কেউ কেউ বলেন গ্রিমেট অস্ট্রেলিয়ার জন্য নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ‘বড়দিন উপহার’। কারণ, তিনি নিজের জন্মভূমি ছেড়ে অস্ট্রেলিয়াতে এসেছিলেন বলেই তো অস্ট্রেলীয় ক্রিকেট এমন এক খেলোয়াড়কে পেয়েছিল গর্ব করার জন্য।
মাত্র ১৭ বছর বয়সে ওয়েলিংটনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় গ্রিমেটের। কিন্তু ১৯১৪ সালের দিকে গ্রিমেট বেড়াতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। সেই ‘বেড়ানো’ শেষ হয়নি পরবর্তী ৬৬ বছরেও। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেন। তিন মৌসুম সিডনির পক্ষে খেলে বিয়ে করেন ভিক্টোরিয়া রাজ্যের এক তরুণীকে। তাঁর সঙ্গে চলে আসেন মেলবোর্ন। প্রথম শ্রেণির ক্রিকেট তাঁর দারুণ পারফরম্যান্স তাঁকে এনে দেয় অস্ট্রেলীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ। ১৯২৫ সালে সিডনি ক্রিকেট মাঠে অভিষেকে তিনি ইংল্যান্ডের বিপক্ষে দুই বার ৫ উইকেট তুলে নিয়ে হইচই ফেলে দেন। অস্ট্রেলীয় নির্বাচকেরা সেদিন নিশ্চয়ই আক্ষেপ করেছিলেন এমন একজন ক্রিকেটারকে দিনের পর দিন কেন তাঁরা উপেক্ষা করে গেছেন। তাঁর মতো বোলারের নিশ্চয়ই আরও আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলা উচিত ছিল।
জনশ্রুতি আছে ব্র্যাডম্যানের সঙ্গে গ্রিমেটের সম্পর্কটা কখনোই ঠিক বন্ধুত্বপূর্ণ ছিল না। প্রথম শ্রেণির ক্রিকেটে অনেকবারই গ্রিমেটের বলে আউট হয়েছেন ব্র্যাডম্যান। এক হিসেবে দেখা গেছে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় যেখানে ৯৫.১৪। সেখানে গ্রিমেটের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে সেটি নেমে আসত ৬৩.২৯-এ।
শেষ সিরিজে ৪৪ উইকেট পেলেও ব্র্যাডম্যান অধিনায়ক হিসেবে গ্রিমেটকে ১৯৩৬-৩৭ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলীয় দলে অন্তর্ভুক্ত করেননি। তাঁর জায়গায় তিনি নেন ফ্র্যাঙ্ক ওয়ার্ডকে। এটি নিয়ে যথেষ্ট সমালোচনা হলেও সেটি চাপা পড়ে যায় অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে। প্রথম ২ টেস্ট হারার পরেও দারুণভাবে ফিরে এসে অস্ট্রেলিয়া সিরিজ জেতে ৩-২ ব্যবধানে। গ্রিমেট আর কখনোই অস্ট্রেলিয়ার পক্ষে খেলার সুযোগ পাননি।