বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায়। ব্যর্থতার কারণ ব্যবচ্ছেদ করে ইংলিশরা ব্যক্ত করেছিল ওয়ানডে খেলার ধরন পাল্টে দিন বদলানোর প্রত্যয়।
বিশ্বকাপের পর খেলা প্রথম ওয়ানডেতে ৪০০ ছাড়িয়ে যাওয়াটাই যেন বিজ্ঞাপন হলো বদলে যাওয়া ইংল্যান্ডের। সেই থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি ওয়ানডেতেই ৩০০ ছাড়াল ইংল্যান্ড। পরশু ট্রেন্ট ব্রিজে সিরিজের চতুর্থ ম্যাচে ৩৫০ রানের লক্ষ্য তো তারা ছুঁয়ে ফেলল ৬ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই। ওয়ানডে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জিতে যাওয়া ইংল্যান্ড তাই সিরিজে এনে ফেলল সমতা (২-২)।
বদলে যাওয়ার মন্ত্রটা আসলে কী? পরশুর জয়ে সামনে থেকেই নেতৃত্ব দেওয়া অধিনায়ক এউইন মরগানের মতে ভয়ডরহীন দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে ইংল্যান্ডকে। ব্যাটিংয়ের সময় কাউকে তোয়াক্কা না করার মতো ব্যাটিংটা সবচেয়ে ভালো করেছেন মরগানই। ৭৩ বলেই সেঞ্চুরি ছোঁয়া অধিনায়ক ৪০তম ওভারের প্রথম বলে যখন আউট হলেন, জয় থেকে মাত্র ৪১ রান দূরে ইংল্যান্ড। ৮২ বলে ১২ চার ও ৫ ছয়ে ১১৩ রান করেছেন মরগান। ১৯৮ রানের তৃতীয় উইকেটে মরগানের সঙ্গী জো রুট শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯৭ বলে ১০৬ রান করে। তবে ইংল্যান্ড এই রান তাড়ার গতিটা পেয়ে যায় আসলে জেসন রয় ও অ্যালেক্স হেলসের ওপেনিং জুটিতেই, ১০.৪ ওভারে শতরানের জুটি গড়েন এঁরা।
এর আগে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ১৩৯৯। এবার চার ম্যাচেই ১৪৫২ রান হয়ে গেছে। মরগান মনে করেন ফল নিয়ে বেশি না ভাবাটাই কাজ করছে, ‘বেশি ভাবাভাবি না করারই ফল এটি। ছেলেরা ড্রেসিংরুমে নির্ভার থাকে। আমরা চেষ্টা করছি সবকিছু স্বাভাবিকভাবে করার। ফলের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছি খেলার ধরনের ওপর। এখন মনে হচ্ছে কাজ করছে এগুলোই।’
বদলে যাওয়া ইংল্যান্ড সিরিজটা জিততে পারবে কি না জানাবে কালকের শেষ ম্যাচ। চেস্টার-লি-স্ট্রিটের ম্যাচটিকে অবশ্য চোখ রাঙাছে বৃষ্টি। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৪৯/৭ (উইলিয়ামসন ৯০, এলিয়ট ৫৫*, গাপটিল ৫৩, স্যান্টনার ৪৪, টেলর ৪২, ম্যাককালাম ৩৫; স্টোকস ২/৭৩, উইলি ২/৮৯)।
ইংল্যান্ড: ৪৪ ওভারে ৩৫০/৩ (মরগান ১১৩, রুট ১০৬*, হেলস ৬৭, রয় ৩৮; হেনরি ২/৭৭)।
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এউইন মরগান।