৩৫০ পরিবারকে সাহায্য করে স্ত্রীকেই ডাক্তার দেখাতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির জাতীয় দল সতীর্থ স্ত্রীকে চিকিৎসার জন্য কোথাও নিতে পারছেন না। ফাইল ছবি
কোহলির জাতীয় দল সতীর্থ স্ত্রীকে চিকিৎসার জন্য কোথাও নিতে পারছেন না। ফাইল ছবি
>করোনাভাইরাসের কারণে পুরো ভারতই লকডাউনে। যা ৩ মে পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। কোথাও কিছু নেই। এর মধ্যে ঘরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়েছেন ভারতীয় স্পিনার শাহবাজ নাদীম।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যদের সাহায্য করে যাচ্ছিলেন তিনি। স্থানীয় বস্তিতে ৩৫০টি পরিবারকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছিলেন। কিন্তু কঠিন এই সময়ে এবার বিপদে পড়েছেন শাহবাজ নাদীম নিজেই। তাঁর স্ত্রী অসুস্থ, কিডনির সমস্যায় ভুগছেন। কিন্তু তাঁকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারছেন না নাদীম।

পারবেন কীভাবে? ভারতজুড়ে লকডাউন জারি হওয়ার আগে নাদীম ছিলেন ঝাড়খন্ডের ধানবাদে। তাঁর স্ত্রী কলকাতায়। ‘ওর লিভারে চর্বি জমেছে। চার-পাঁচ মাস ধরেই সেটার চিকিৎসা চলছিল। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছিল। কিন্তু এখন একটু দুর্বল লাগছে ওর, বমি বমি ভাবও আছে’—নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন নাদীম।

আগামী ৩ মে পর্যন্ত ভারতজুড়ে লকডাউন চলবে। প্রথম দফায় ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হলেও করোনার দাপটের মুখে সেটি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত করোনায় ভারতে প্রায় ১৬ হাজার ৪০০ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫২০-এরও বেশি। ৩ মে-র মধ্যে পরিস্থিতির উন্নতি হলে ভারত সরকার লকডাউন উঠিয়ে নিতে পারে শোনা যাচ্ছে।

কিন্তু নাদীম তো তত দিন অপেক্ষা করার মতো অবস্থায় নেই। লকডাউনের মধ্যেই ধানবাদ থেকে বেরিয়েছেন বটে নাদীম। কিন্তু তাঁর ছোটবেলার কোচ এসএ রহমান জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি পাচ্ছেন না ৩০ বছর বয়সী বাঁহাতি স্পিনার। নাদীম এখন পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যের অপেক্ষায়।