৩৫০ হলেই খুশি হাথুরুসিংহে
দিন শেষে উইকেটের পাশে অনেকটা সময় কাটালেন চন্ডিকা হাথুরুসিংহে। কিউরেটর জাহিদ রেজা ছিলেন, আর ছিলেন পেস বোলিং কোচ হিথ স্ট্রিক এবং টিম ম্যানেজার সাব্বির খান। দূর থেকেও তাঁদের আলোচনার বিষয়টা বুঝতে অসুবিধা হয়নি। আজ চতুর্থ দিনে উইকেটের আচরণ কেমন হতে পারে, কিউরেটরের সঙ্গে কথা বলে কাল শেষ বিকেলে সেটাই বুঝতে চেষ্টা করছিলেন বাংলাদেশ দলের কোচ।
তা কী বুঝলেন তিনি? ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথে প্রশ্নটার উত্তর দিয়ে গেলেন হাথুরুসিংহে, ‘উইকেটের কোনো কোনো জায়গা এর মধ্যেই ফাটতে শুরু করেছে। ফাটলগুলো লম্বালম্বি নয়, আড়াআড়ি। তার মানে সেগুলোর ওপর বল পড়লে এদিক-সেদিক যাওয়ার চেয়ে বল লাফিয়ে ওঠার সম্ভাবনাই বেশি। চতুর্থ ও পঞ্চম দিনে এটা ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করতে পারে।’ দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের কাছ থেকে তাই আরও বেশি মনঃসংযোগ আশা করছেন কোচ, ‘আমাদের ভালো ব্যাটিং করতে হবে, মনে রাখতে হবে ওদের সামনে আমরা ভালো একটা লক্ষ্য দিতে চাই।’
কিন্তু ঠিক কত রান হলে সেটাকে ভালো লক্ষ্য মনে করেন হাথুরুসিংহে? নির্দিষ্ট করে কিছু বলতে না চাইলেও কথা শুনে মনে হলো জিম্বাবুয়ের সামনে ৩৫০ রানের মতো লক্ষ্য দিতে পারলেই সন্তুষ্ট থাকবেন তিনি, ‘তৃতীয় দিন শেষে আমরাই ভালো অবস্থায় আছি। ১৫২ রানের লিড এর মধ্যেই হয়ে গেলেও আমরা এখনো ইনিংস ঘোষণা করার কথা ভাবতে শুরু করিনি। আমার মনে হয় ৩৫০ রানের লক্ষ্য যথেষ্ট হবে। আমি খুব খুশি হব সেটা করতে পারলে।’ ৩৫০ রানের কথা বলে কোচ একটা ধারণাই দিলেন শুধু। নইলে ইনিংস ঘোষণার সময়টা ঠিক হওয়ার কথা আজ উইকেটের আচরণ দেখে। সে সঙ্গে ব্যাটসম্যানরা কত দ্রুত রান তুলতে পারেন, সেটাও একটা বিবেচনার বিষয় হবে।
বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর এই জিম্বাবুয়ে সিরিজেই প্রথম সুখানুভূতি হলো হাথুরুসিংহের। নইলে গত জুনে ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ বা আগস্ট-সেপ্টেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর কেবল ব্যর্থতার স্বাদই তো দিয়েছে তাঁকে! জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যের দেখা পেয়ে যেন নতুন উদ্যম পাচ্ছেন এই শ্রীলঙ্কান কোচ, ‘ছেলেরা খুব ভালোভাবে ফিরে এসেছে। প্রায় দেড়টা বছর হতাশার মধ্য দিয়ে কাটানোর পর এখন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে তাদের মধ্যে। আত্মবিশ্বাস হারাতে সময় লাগে না, কিন্তু সেটি ফিরে পেতে অনেক সময় দরকার। আশা করি, ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলার সময়ও আমরা আত্মবিশ্বাসী থাকব।’
ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেনের প্রশংসাটা কোচ আলাদাভাবেই করেছেন। তাঁর মধ্যে বড় ক্রিকেটারের ছায়া দেখতে পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে, ‘দলের সবার পারফরম্যান্সেই আমি খুশি। বিশেষ করে জুবায়েরের ৫ উইকেট পাওয়া তো অসাধারণ। অনেক বড় ক্রিকেটার হবে ও। এই বোলিংটা ধরে রাখতে পারলে তার উজ্জ্বল ভবিষ্যৎই দেখছি আমি।’
কোচের কথার প্রমাণ কি দিতে পারবেন জুবায়ের? সেটিকে সময়ের হাতে ছেড়ে দিয়ে চন্ডিকা হাথুরুসিংহেও এখন পাখির চোখ করছেন চট্টগ্রাম টেস্টকেই। প্রথম দুই টেস্টে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা এই টেস্টেও ধরে রেখে শুরু করতে চান ওয়ানডে সিরিজটা।