৩৬৪? ইতিহাস বলে, ভারত হারবে না

কোহলিদের এমন উচ্ছ্বাস টেস্ট শেষেও থাকবে?ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের প্রথম টেস্টের ভাগ্য গড়ে দিয়েছে বৃষ্টি। এমনভাবেই যে চাইলে ভারত ও ইংল্যান্ড দুই দলই দাবি করতে পারে, বৃষ্টি না হলে ম্যাচটা তারাই জিতত!

দ্বিতীয় টেস্টে এখনো মাত্র দুই দিন হয়েছে, আজ তৃতীয় দিনের খেলা শুরু হলো বলে! এখনই এই টেস্টের ফল কী হবে, তা নিশ্চিত করে বলে দেওয়া যাচ্ছে না। তবে পূর্বানুমান তো চলতে পারে! চলতে পারে ইতিহাসের জের টানা বিশ্লেষণও। পূর্বানুমান বলছে, লর্ডসে চলমান টেস্টের প্রথম দুদিনের দাপট দেখে এই টেস্টে ফল হলে সেটি ভারতের জয়ই হওয়ার সম্ভাবনা বেশি।

আর ইতিহাসের জের? তা টানছে পরিসংখ্যান। ফল সম্পর্কে একটা ধারণাও দিচ্ছে। কে জিতবে, তা বলছে না। টেস্টটা ড্র হবে কি না, তা-ও নয়। পরিসংখ্যান শুধু ইতিহাসকে পুঁজি মেনে বলছে, লর্ডস টেস্টে ভারত হারবে না।

এ কথা পরিসংখ্যান কেন বলছে? সেটি জানতে চোখ ফেরাতে হবে লর্ডসে ভারতের ইনিংসে। কাল দ্বিতীয় দিন পর্যন্ত লর্ডস টেস্টের সংক্ষেপে বর্ণনাটা এই যে ভারত আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৬৪ রান করেছে। জবাব দিতে নেমে ইংল্যান্ড কাল দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১১৯ রান নিয়ে।

ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল
ছবি: এএফপি

আর রেকর্ডের বই থেকে এই টেস্টের ফলের ধারণা পেতে চাইলে শুনবেন, ভারতের প্রথম ইনিংসের রান বলছে, ভারত এই টেস্টে ড্র করতে পারে বা জিততে পারে, কিন্তু হারবে না।

হিসাবটা সহজ। প্রথম ইনিংসে ৩৬৪ রান লর্ডসে ভারতের সর্বোচ্চ, এই রানই ভারতকে লর্ডসে হারতে না হওয়ার আশা দেখায়। ইংল্যান্ডে এযাবৎ যে ৬৪টি টেস্ট খেলেছে ভারত, তার মধ্যে মাত্র ৯টিতে প্রথম ইনিংসেই ৩০০ বা তার বেশি রান করেছে। আগের আট টেস্টের ফল? ২টি জয়, ৬ ড্র। অবশ্য সে টেস্টগুলোর কোনোটিই লর্ডসে ছিল না।

জয় দুটি এসেছে ২০০২ ও ২০১৮ সালে। ২০০২ সালের আগস্টে লিডসে রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৬২৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত, ইংল্যান্ডের মাটিতে যা এখন টেস্টের প্রথম ইনিংসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সে ম্যাচে ইনিংস ও ৪৬ রানে জেতে ভারত।

পাঁচ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন
ছবি: এএফপি

এরপরের জয়টা ইংল্যান্ডে ভারতের সর্বশেষ সফরে, নটিংহামে। তিন বছর আগে আগস্টেই সেই টেস্টের প্রথম ইনিংসে ৩২৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৩০০ পেরোয় ভারতের স্কোর—দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ম্যাচটা শেষ পর্যন্ত জেতে ২০৩ রানে।

ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্টের প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ স্কোর ৬৬৪। ২০০৭ সালের আগস্টে ওভালের সে টেস্ট শেষ পর্যন্ত হয়েছে ড্র। ৬০০-র বেশি রান ভারত করেছে আরেকবার, ওভালে ১৯৯০ সালের আগস্টে। সে টেস্টও জয়-পরাজয় দেখেনি।

১৯৯৬ সালের জুলাইয়ে নটিংহামে ৫২১ করেও ড্র করতে হয়েছে ভারতকে, ২০১৪ সালের জুলাইয়ে নটিংহামেই ৪৫৭ করেও ড্র-ই করেছে। ২০০২ সালের আগস্টে সেই নটিংহামেই ৩৫৭ রান করে ড্র করেছে ভারত। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ওভালে ৩৩১ রান করেও শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করেছে।

ভারতের এই ৩০০ রান নিয়ে কপচানির বাইরেও কাল লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে আরও কিছু সংখ্যা, কিছু রেকর্ড উপহার দিয়ে গেছে।

১৯৫১
কাল ভারতের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তাঁর (৩৭ বছর ১৪ দিন) চেয়ে বেশি বয়সে কোনো পেসারকে ইনিংসে পাঁচ উইকেট নিতে দেখা গেছে ১৯৫১ সালে। দক্ষিণ আফ্রিকার জিওফ শাব ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার দিনে তাঁর বয়স ছিল ৪০ বছর ৮৬ দিন।

প্রথম বলেই বোল্ড হয়ে গেছেন হাসিব হামিদ। উচ্ছ্বাস বোলার সিরাজের
ছবি: এএফপি

৫৬
কাল ইংল্যান্ড ইনিংসের তিনে নেমে মুখোমুখি প্রথম বলেই বোল্ড হয়ে যান হাসিব হামিদ। এত দিন পর ফেরাটা ধূসর হলো আর কি তাঁর! ২০১৬ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন হামিদ, সেটিও ছিল ভারতের বিপক্ষে। সেই থেকে এই লর্ডস টেস্ট দিয়ে তাঁর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মাঝে ইংল্যান্ড খেলেছে ৫৬টি টেস্ট।

১৪
হামিদকে নিয়ে এ বছরে টেস্টে ইংল্যান্ডের টপ অর্ডারের (১-৩) ব্যাটসম্যানদের ১৪ বার শূন্য রানে আউট হতে দেখা গেল, যা টেস্ট ইতিহাসে এক বছরে যেকোনো দলেরই সর্বোচ্চ। এর আগের রেকর্ডটিও ইংল্যান্ডেরই ছিল, গড়েছিল ১৯৯৮ সালে।

১
ইংল্যান্ডের হয়ে টেস্টে জো রুটের চেয়ে বেশি রান এখন আছে শুধু আর একজন ব্যাটসম্যানের—অ্যালিস্টার কুক (১২,৪৭২)। কাল ভারতের বিপক্ষ ৪৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন রুট। ১৪ রানে থাকার সময় টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের তালিকার দুইয়ে থাকা গ্রাহাম গুচকে (৮৯০০) পেরিয়ে গেছেন।