৩৭১ রানও পেরিয়ে গেল প্রোটিয়ারা

‘সত্যি বলতে বলার মতো কোনো শব্দ নেই আমার কাছে!’
অভিধান হাতড়ে বেড়ানো লোকটা ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বিশেষণ খুঁজছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ের পর। অস্ট্রেলিয়ার ৩৭১ রানও প্রোটিয়ারা পরশু পেরিয়ে গেছে ডেভিড মিলারের ঝোড়ো সেঞ্চুরিতে। ওয়ানডেতে এর চেয়ে বেশি রান তাড়া করার রেকর্ডই আর একটি, ২০০৬ সালে অস্ট্রেলিয়ারই ৪৩৪ রান পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া ভাবতেই পারে, আর যা-ই হোক, ওয়ানডেতে সাড়ে তিন শ রান করা যাবে না। ৩৫০ বা এর বেশি রান করে হারের রেকর্ড আছে চারটি, চারবারই হেরে যাওয়া দলের নাম অস্ট্রেলিয়া। দুবার প্রোটিয়াদের কাছে, অন্য দুবার অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়েছে ভারত (২০১৩ সালের ১৬ ও ৩০ অক্টোবর)।
পরশু অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন হয়ে এসেছেন মিলার। ওপেনিংয়ে আমলা-ডি ককের ঝড়ের পর ৭৯ বলে ১১৮ রান করে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১০ চার, ৬ ছক্কার ইনিংসটির বর্ণনায় আসলে ডু প্লেসির মতো শব্দ খুঁজতে বসে পড়তে হবে। ক্রিকইনফো।
‘অবিশ্বাস্য’ শব্দটাও যে এখানে কম মনে হচ্ছে।