৩৮০ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ভালোই সাফল্য পেয়েছে বাংলাদেশের বোলারা। ছবি: ডব্লিউআইসিবি
প্রথম ইনিংসে ভালোই সাফল্য পেয়েছে বাংলাদেশের বোলারা। ছবি: ডব্লিউআইসিবি

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে বেশ ভুগেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম উইকেট পেতেই লেগে গিয়েছিল প্রায় ৫০ ওভার। কিন্তু দ্বিতীয় দিনে এমনটা হয়নি। শুরুতেই বাংলাদেশ বোলাররা ভালোই চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। প্রথম সেশনে ২৩ ওভারে ৯৫ রানে ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ অলআউট ৩৮০ রানে।
সকালের সেশনে ১৮ রানের ব্যবধানেই ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটের পতন ঘটান বাংলাদেশের বোলাররা। এর মধ্যে দুটি নিয়েছেন আল আমিন হোসেন, অন্য দুটি রুবিউল ইসলাম ও শফিউল ইসলাম। ৮ উইকেটে ৩৪১ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় সেশনে শেষ ১১ ওভারে বাকি দুই উইকেটে ৩৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল আমিন হোসেন। ২টি করে নিয়েছেন শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও তাজুল ইসলাম। দারুণ এক হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন আল আমিন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্রুত ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের কাঁটা হয়ে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন শিবনারায়ণ চন্দরপল। তাঁর চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছিলেন টেলর। চন্দরপল ৮৪ রানে অপরাজিত থাকলেও ঝড়ের বেগে ৪০ রান তুলছিলেন টেলর। দুজনের অষ্টম উইকেট জুটি ৫৪ রান যোগ করে । ৩২ বলে ৪০ করা টেলরকে ফিরিয়েছেন তাইজুল।

দিনের অষ্টম ওভারে ড্যারেন ব্র্যাভোকে ৪৬ রানে ফিরিয়ে দেন রবিউল। উইকেট বৃষ্টির সেই শুরু। তিন ওভার পরেই টানা দুই বলে জার্মেইন ব্ল্যাকউড ও দিনেশ রামদিনকে ফিরিয়ে দেন আল আমিন। ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দাঁড়িয়ে যান হ্যাটট্রিকের সামনে। আল আমিন কি নতুন ওভারের প্রথম বলে উইকেট পাবেন? না, পাননি। বলটাও ঠিক উইকেট নেওয়ার মতো হয়নি। তবে উইকেট পড়েছে এর আগের ওভারে। কেমার রোচকে ফেরান শফিউল। ৩ উইকেটে ২৪৬ রানে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় সাগরে ওঠা বঙ্গীয় ঝড়ে মুহূর্তেই হয়ে যায় ৭ উইকেটে ২৬৯।
বিপর্যয় সামলে দলককে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন চন্দরপল ও জেরোম টেলর। ব্যক্তিগত ১৯ রানের মাথায় শফিউলের বলে কভারে ক্যাচ তুলে দিয়েছিলেন টেলর । কিন্তু মমিনুল হক সহজ সুযোগ নষ্ট করার পর পড়তি বলে দারুণ রিফ্লেক্সে সেই বলটি লুফে নেওয়ার তাইজুল ইসলামের কঠিন প্রচেষ্টাও ব্যর্থ হয়।
টেলরই বেশ কিছুক্ষণ বঙ্গ ঝড়ের পাল্টা জবাব দিচ্ছিলেন । ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান তুলে ফেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই পেসারের সেঞ্চুরি আছে—এই তথ্য খানিকক্ষণ অস্বস্তিতে রেখেছিল বাংলাদেশকে। তবে শেষমেশ বিপজ্জনক হয়ে ওঠা টেলরকে দ্রুতই ফেরায় বাংলাদেশ। শেষ দিকে সুলিমান বেনও বেশ ভোগান বাংলাদেশকে। এ স্পিনার করেন ২৫ রান। বেনের সঙ্গে চন্দরপল গড়েন ৫২ রানের জুটি। মূলত অষ্টম (৫৪) ও নবম উইকেট (৫২) জুটিই বেশ প্রথম ইনিংসে ভালো সংগ্রহ দেয় ওয়েস্ট ইন্ডিজকে।