৩৯ বছর পর স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি পেলেন স্মিথ, পেছনে অধিনায়ককে সঙ্গ দেওয়া জনসন। ছবি: এএফপি
সেঞ্চুরি পেলেন স্মিথ, পেছনে অধিনায়ককে সঙ্গ দেওয়া জনসন। ছবি: এএফপি

চ্যাপেল ভাইদের বড়জনকে এরই মধ্যে মুগ্ধ করে ফেলেছেন স্টিভেন স্মিথ। ইয়ান চ্যাপেল তো বলেই দিয়েছেন, ‘সে (স্মিথ) যদি ভালো করে মনে হয় না ক্লার্ককে তখন অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া উচিত।’ ইয়ান চ্যাপেলের মুগ্ধতার রেশ না কাটতেই ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে স্মিথ ভাগ বসালেন চ্যাপেল ভাইদের আরেকজনের কীর্তিতে! গ্রেগ চ্যাপেলের পর এই প্রথম কোনো অস্ট্রিলীয় সেঞ্চুরি করলেন অধিনায়কত্বের অভিষেকেই।
স্মিতের কীর্তির দিনে ‘ব্যাটসম্যান’ হয়ে উঠলেন মিচেল জনসন। স্মিথ-জনসনের সপ্তম উইকেট জুটির প্রতিরোধে সর্বশেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৪০৯ রান। স্বাগতিকেরা লিড পেয়েছে ১ রানে।
আগের দিনের ৪ উইকেটে ২২১ রানে খেলতে নেমে তৃতীয় দিনের সকালেই ১৫ রানের ব্যবধানে মিচেল মার্শ ও ব্রাড হাডিনের উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার লেজ বেড়িয়ে পড়ে এতেই। কিন্তু সে লেজ মুড়ে দেওয়ার কাজটা কঠিন করে দেন জনসন। স্মিথকে সঙ্গ দিতে ‘ব্যাটসম্যান’ হিসেবে আবির্ভাব হন এ ফাস্টবোলার। দুজনের ৭ম উইকেট জুটিতে ওঠে ১৪৮ রান। ইশান্ত শর্মার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দেওয়ার আগে জনসনের সংগ্রহ ৮৮ রান। এরপর স্মিথ ফিরেছেন ওই ইশান্তের বলে বোল্ড হয়ে। ফেরার আগে অস্ট্রেলীয় অধিনায়কের সংগ্রহ ১৩৩ রান।
মাইকেল ক্লার্কের চোটের কারণে অধিনায়কত্ব পেয়েছিলেন স্মিথ। অধিনায়কত্বের অভিষেকেই বাজিমাত! করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়কত্বের অভিষেকে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গ্রেগ চ্যাপেল, ১৯৭৫ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই গ্যাবায়। অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করেছেন মোট পাঁচ অস্ট্রিলীয়— মন্টি নোবেল, ক্লেম হিল, লিন্ডসে হ্যাসেট, চ্যাপেল ও স্মিথ। সূত্র: এএফপি, ক্রিকইনফো।