সিলেটের টেপ টেনিস ক্রিকেট থেকে ডারবানের সবুজে
উপমহাদেশের অনেক ক্রিকেটারেরই পথচলার শুরু টেপ টেনিস ক্রিকেট থেকে। খালেদ আহমেদও তেমনই। সিলেটের এই পেসারের কাছে টেপ টেনিস ক্রিকেট শুধু খেলাই ছিল না, ছিল নেশা। সিলেটের খেপ খেলতেন প্রচুর। কোনটা ছেড়ে কোনটা খেলবেন, সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন ছিল তাঁর জন্য। জাতীয় দলের এই পেসারের শোকেসে দু-একটি বাদে সব ট্রফিই এসেছে টেপ টেনিস বল ক্রিকেট থেকে।
এমন টেপ বলের ক্রিকেটপাগল খালেদের মধ্যে কী যেন দেখেছিলেন সিলেট জেলা কোচ এ কে এম মাহমুদুল ইমন। গতি, শারীরিক গড়ন দেখে খালেদের মধ্যে একজন আন্তর্জাতিক মানের ফাস্ট বোলার দেখছিলেন বর্তমানে বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ। মাহমুদুলই খালেদকে টেপ টেনিস ক্রিকেট থেকে আসল ক্রিকেটে নিয়ে আসেন। কিন্তু টেপ টেনিস বলের ক্রিকেট যাঁর নেশা, তাঁর মন কীভাবে টেকে! মাহমুদুল বিষয়টি একদমই পছন্দ করতেন না। টেপ বল ছেড়ে ক্রিকেট বলেই হোক ছাত্রের সব মনোযোগ—এটিই ছিল তাঁর চাওয়া।
খালেদের এই টানাপোড়েন চলেছে অনেক দিন। কোচের চোখ এড়িয়ে লুকিয়ে লুকিয়ে খেপ খেলে বেড়াতেন। কিন্তু ছোট্ট শহর সিলেটে লুকিয়ে খেলা যায় আর কত দিন! একদিন ক্রিকেট বলে অনুশীলন শেষে স্থানীয় এক টুর্নামেন্টের ফাইনালে খেপ খেলতে গিয়ে ঠিকই মাহমুদুল ইমনের কাছে ধরা পড়েন। সেই ম্যাচটিতে অতিথিই যে ছিলেন মাহমুদুল ইমন! টেপ বলের ক্রিকেটে খালেদের শেষ ম্যাচ ছিল সেটিই। এরপর থেকে খালেদের পুরো মনোযোগ ক্রিকেট বলে। আজ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে সেই খালেদই তুলে নিলেন ৪ উইকেট। পেলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলার শন পোলকের প্রশংসা।
অথচ ডারবান টেস্টের জন্য পেস বোলিং আক্রমণের প্রথম পছন্দ ছিলেন না তিনি। চোটের কারণে ডারবান টেস্টের একাদশ থেকে ছিটকে পড়েন পেসার শরীফুল ইসলাম। তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়ে যান। একাদশে ঢুকেও প্রথমে নতুন বলে বোলিং করতে পারেননি। মুমিনুল হক তাঁকে নিয়ে ভেবেছিলেন ভিন্ন কিছু।
ডারবান টেস্টের প্রথম সকালে টস জিতে মুমিনুল বল তুলে দেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের হাতে। দুজনই ইনিংসের শুরুতে ভালো জায়গা ধরতে পারেননি। রান দিয়েছেন প্রচুর। সুইং নাকি সিম মুভমেন্ট, ডারবানের কন্ডিশনে কোনটা করলে ভালো হবে, সিদ্ধান্ত নিতেই অনেক সময় লেগেছে। তাতে লাইন-লেংথও ধরতে যথেষ্ট সময় লেগেছে বাংলাদেশের দুই পেসারের। সেই সুযোগটা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিটাও হয়েছে ১১৩ রানের।
মুমিনুলেরও উপায় ছিল না। নিউজিল্যান্ড সফরে নতুন বলে শরীফুল রান কম দিয়েছেন, উইকেটও নিয়েছেন। হুট করেই শরীফুলের না থাকা অধিনায়কদের জন্য সিদ্ধান্তহীনতার কারণ হয়ে দাঁড়ায়। এক পাশে নাহয় তাসকিন, অন্য পাশে কে? শেষ পর্যন্ত মুমিনুল ইবাদতকেই বেছে নিয়েছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত কাজে আসেনি।
বাকি দুজনের আগের দিনের ব্যর্থতার কারণেই কি না কে জানে, আজ দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলটা খালেদের হাতে বল তুলে দেন মুমিনুল।
কিন্তু প্রথম ওভারেই লেগ সাইড লেংথ বল ও অফ সাইড হাফভলি থেকে দুটি চার মারেন টেম্বা বাভুমা। এমন হতাশাজনক শুরুর পর ডারবান টেস্টের প্রথম দিনের কথাই মনে পড়ছিল। আরেকটি সকাল, আরেকটি নতুন বলের সুযোগ হাতছাড়া।
কিন্তু সেই হতাশার ছবিটা দ্রুতই পাল্টে দেন খালেদ। পরের ওভারে পর পর দুই বলের জাদুতে খেলাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেন। প্রথমে কাইল ভেরেইনে, এরপর ওয়াইন মুল্ডার—দুই বলে দুই প্রোটিয়া ব্যাটসম্যানকে বিদায় করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের দুয়ার খুলে দেন। ভেরেইনা ২৮ রান করে উইকেটে তখন থিতু। খালেদের ফুল লেংথ থেকে ছোবল দিয়ে ভেতরে আসা বলটি আঘাত করে ভেরেইনের প্যাডে। অফ স্টাম্পের বাইরে করা পরের বলেই মুল্ডার পরাস্থ হন অতিরিক্ত বাউন্সে। ব্যাক ফুট থেকে খেলা মুল্ডারের ব্যাট ছুঁয়ে বল যায় গালিতে উড়তে থাকা মাহমুদুল হাসানের তালুতে। মাহমুদুল চিতার মতো ঝাঁপিয়ে ক্যাচটি লুফে নিলে খালেদের হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে।
কাঙ্ক্ষিত টেস্ট হ্যাটট্রিক না পেলেও নিজের প্রথম স্পেলের বাকি সময়টা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাঁপুনি ধরিয়েছেন খালেদ। প্রথম ওভারে এলোমেলো লাইন-লেংথে বল করা খালেদ আর পরের পাঁচ ওভারের খালেদে যেন কোনো মিল নেই! লাইন-লেংথ, বাউন্স, সিম মুভমেন্টে বেশ কয়েকবার প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন। ক্রিজে দেয়াল হয়ে দাঁড়ানো বাভুমাকেও একবার এলবির ফাঁদে ফেলেছিলেন। আম্পায়ার্স কল পক্ষে গেলে হয়তো প্রথম স্পেলে তৃতীয় উইকেটের দেখাও পেতে পারতেন খালেদ। কিন্তু ৬ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েই স্পেল শেষ করেন এই ডানহাতি পেসার।
ধারাভাষ্য কক্ষে থাকা সাবেক প্রোটিয়া পেসার শন পলকও খালেদের দিনের প্রথম স্পেলে মুগ্ধ। তিন বাংলাদেশি পেসারের মধ্যে নতুন বলের দক্ষতায় খালেদকেই তিনি এগিয়ে রাখার কথা বলছিলেন, ‘ওদের তিনজনের যে দক্ষতা, সেদিক থেকে খালেদকেই নতুন বলের জন্য বেশি মানানসই মনে হয়েছে। কারণ, তাঁর রিলিজ পয়েন্ট স্টাম্পের কাছাকাছি। তাই সুইং, সিম মুভেমেন্টও বেশি পাচ্ছে।’ আরেক সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি জানালেন ভিন্ন তত্ত্ব, ‘আমি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে, খালেদের বোলিং খেলা বেশি চ্যালেঞ্জিং। কারণ, সে নাকি বাকিদের তুলনায় বেশি ভালো বল করেছে।’
মধ্যাহ্নবিরতির পরও ধারাভাষ্যকারদের আলোচনায় ছিলেন খালেদ। নতুন স্পেলে বোলিং করতে এসেই খালেদ আউট করেন লিজাড উইলিয়ামসকে। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে গালিতে থাকা মাহমুদুলকে ক্যাচ দেন লিজাড। নিচু হয়ে আসা কঠিন ক্যাচটি তালুবন্দী করেন মাহমুদুল। এবার খালেদকে উইকেট উদ্যাপন করতে দেখা গেল না। আকাশে তাকিয়ে যেন বিধাতাকে ধন্যবাদ দিলেন। রেকর্ডটা তাঁর জানা ছিল কি না কে জানে, এর আগে কোনো বাংলাদেশি পেসার দক্ষিণ আফ্রিকার মাটিতে ৪ উইকেট পাননি। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার খেলতে নেমেই সে রেকর্ডে নাম লেখালেন খালেদ।