৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন শেহজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার খড়্গ শেহজাদের ওপর। ছবি: এএফপি
ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার খড়্গ শেহজাদের ওপর। ছবি: এএফপি
>ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে কঠিন শাস্তির মুখে শেহজাদ। পাকিস্তান ও ভারত দুই গবেষণাগারেই ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানি ক্রিকেটার

ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা পাকিস্তান ক্রিকেটে নতুন নয়। এই তালিকায় যোগ হতে যাচ্ছেন আহমেদ শেহজাদ। গত এপ্রিলে ঘরোয়া টুর্নামেন্টে ডোপ পরীক্ষা হয় পাকিস্তান ওপেনারের। পরীক্ষায় পজিটিভ হওয়ার পরও পিসিবি একটু অপেক্ষা করেছে। নিষিদ্ধ বস্তুর উপস্থিতি আরও নিশ্চিত হতে ভারতের গবেষণাগারেও পাঠায় পিসিবি। সেখানেও অভিন্ন ফল আসায় এবার শেহজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি।

ডোপ নিয়ে পাকিস্তান ক্রিকেটের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ক্রিকেটারদের ডোপ নেওয়া প্রমাণিত হওয়ায় অতীতে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে পিসিবিকে। ২০০৬ সালে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে লজ্জায় ফেলে দেন তাদের দুই তারকা বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ। এ ঘটনায় শোয়েব ও আসিফ দুজনই এক বছরের জন্য নিষিদ্ধ হন। তবে শাস্তির বিরুদ্ধে তাঁরা আপিল করলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। পরে একই পাপে নিষিদ্ধ হয়েছেন রাজা হাসান, ইয়াসির শাহ, আবদুর রেহমানও।

টেস্ট, ওয়ানডেতে অনিয়মিত হয়ে পড়েছেন। গত জুনে টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেললেও ভালো করতে পারেননি। শেহজাদের যখন পাকিস্তান দলে সুযোগ পাওয়াই কঠিন হয়ে গেছে, তখনই তাঁর ডোপ টেস্টে পজিটিভ ফল এল। পিসিবি আজ টুইট করেছে, ‘ডোপিং নিয়ে আমাদের স্বাধীন পর্যালোচনা বোর্ডের প্রতিবেদন পেয়েছে পিসিবি। ক্রিকেটার আহমেদ শেহজাদের ডোপ পরীক্ষা পজিটিভ প্রমাণিত হয়েছে। আজ অভিযোগপত্র তৈরি করবে পিসিবি।’

সিনিয়র ক্রিকেটার বলেই পাকিস্তানে শেহজাদের ডোপ টেস্টের ফল পজিটিভ হওয়ার পরও পিসিবি হুট করে সিদ্ধান্ত নিতে চায়নি। এখন যেহেতু দুই গবেষণাগারেই প্রমাণিত, সর্বোচ্চ চার বছর নিষিদ্ধ হতে পারেন ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি খেলা এ পাকিস্তানি ক্রিকেটার।