
জেমস অ্যান্ডারসনের অপেক্ষাটা ছিল ১ উইকেটের। টস জিতে ফিল্ডিং-অ্যান্ডারসনের অপেক্ষাটা যাতে লম্বা না হয় সেই ব্যবস্থাই করলেন অধিনায়ক কুক। কিন্তু ইংলিশ পেসারকে অপেক্ষায় রাখল প্রকৃতি। বৃষ্টির কারণে যে লাঞ্চের আগে খেলাই শুরু করা যায়নি হেডিংলিতে! খেলা শুরু হতেই অবশ্য ৪০০তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে মোটেও সময় নিলেন না অ্যান্ডারসন। দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই মার্টিন গাপটিলকে দ্বিতীয় স্লিপে শিকার বানালেন।
প্রথম ইংলিশ বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার উদ্যাপনটা ঠিকঠাকমতো করার আগেই আবার বৃষ্টি। খেলা বন্ধ, সবাই ছুটলেন ড্রেসিংরুমে। মিনিট কয়েক পরে আবার শুরু খেলা, আর এক বল পরেই আবার আঘাত অ্যান্ডারসনের। এবার উইকেটকিপারকে ক্যাচ দিলেন ফর্মে থাকা কেন উইলিয়ামসন। ২ উইকেটে ২, পরিস্থিতিটা সামলাতে পাল্টা-আক্রমণই বেছে নিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ওপেনার টম ল্যাথামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২.৪ ওভারে ৬৬ রান যোগ করলেন রস টেলর।
টেলর অবশ্য ২০ রান করেই এলবিডব্লু ব্রডের বলে। এরপর ল্যাথামকে নিয়ে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ছুটলেন ওয়ানডে গতিতে। ৫০ বলে ৫৫ রানের জুটিতে নিউজিল্যান্ড চা-বিরতিতে গেল ৩ উইকেটে ১২৩ রান নিয়ে। বিরতির পর প্রথম বলেই অবশ্য আউট ম্যাককালাম। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৭ করেছে নিউজিল্যান্ড। স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।
টেস্টে ৪০০ উইকেট নেওয়া পেসার
| ম্যাচ | বল | রান | উইকেট | সেরা | গড় | ৫/১০ | |
| গ্লেন ম্যাকগ্রা | ১২৪ | ২৯২৪৮ | ১২১৮৬ | ৫৬৩ | ৮/২৪ | ২১.৬৪ | ২৯/৩ |
| কোর্টনি ওয়ালশ | ১৩২ | ৩০০১৯ | ১২৬৮৮ | ৫১৯ | ৭/৩৭ | ২৪.৪৪ | ২২/৩ |
| কপিল দেব | ১৩১ | ২৭৭৪০ | ১২৮৬৭ | ৪৩৪ | ৯/৮৩ | ২৯.৬৪ | ২৩/২ |
| রিচার্ড হ্যাডলি | ৮৬ | ২১৯১৮ | ৯৬১১ | ৪৩১ | ৯/৫২ | ২২.২৯ | ৩৬/৯ |
| শন পোলক | ১০৮ | ২৪৩৫৩ | ৯৭৩৩ | ৪২১ | ৭/৮৭ | ২৩.১১ | ১৬/১ |
| ওয়াসিম আকরাম | ১০৪ | ২২৬২৭ | ৯৭৭৯ | ৪১৪ | ৭/১১৯ | ২৩.৬২ | ২৫/৫ |
| কার্টলি অ্যামব্রোস | ৯৮ | ২২১০৩ | ৮৫০১ | ৪০৫ | ৮/৪৫ | ২০.৯৯ | ২২/৩ |
| জেমস অ্যান্ডারসন
| ১০৪* | ২৩১৬৬ | ১১৭৬৩ | ৪০১ | ৭/৪৩ | ২৯.৩৩ | ১৭/২ |