৪০০ পেরিয়ে টেস্ট জিতেছে যে চার দল
ইতিহাস ডাকছে ভারতকে, প্রথম দল হিসেবে দুবার ৪০০ পেরিয়ে টেস্ট ম্যাচ জেতার ইতিহাস। ৪০৭ রানের লক্ষ্যে ব্যাট করা ভারত ২ উইকেটে ৯৮ রান নিয়ে শেষ করেছে চতুর্থ দিনটা। ইতিহাস গড়তে ভারতীয়দের দরকার আরও ৩০৯ রান। প্রায় ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪০০ পেরিয়ে জয়ের উদাহরণ আছে মোটে চারটি।
লক্ষ্য: ৪১৮, জয়ী: ওয়েস্ট ইন্ডিজ, বিপক্ষ: অস্ট্রেলিয়া, সেন্ট জোন্স, ২০০৩
ম্যাচ জিততে করতে হবে বিশ্ব রেকর্ড। ৪১৮ রানের লক্ষ্য পাওয়া ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজি ধরার লোক ছিল না বললেই চলে। ধরবেই–বা কীভাবে, একসময়ের মহাপরাক্রমশালী ক্যারিবীয় ক্রিকেট সাম্রাজ্যে যে তখন ভাটার টান। আর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার তখন দোর্দণ্ড প্রতাপ। একটা সময় পর্যন্ত সবকিছু ‘নিয়ম মেনে’ই চলছিল। রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। দলকে ১৬৫ রানে রেখে অধিনায়ক ব্রায়ান লারাও যখন ফিরে গেলেন, অস্ট্রেলীয়রা ম্যাচ জয়ের উৎসব সেরেই ফেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ আশা বাঁচায় রামনরেশ সারওয়ান ও শিবনারাইন চন্দরপলের ১২৩ রানের পঞ্চম উইকেট জুটিতে। অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে কুৎসিত তর্কে মাতা সারওয়ান ফেরেন ১০৫ রান করে। ৬ উইকেটে ৩৭১ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিনের শুরুতেই হারায় আরেক সেঞ্চুরিয়ান চন্দরপলকে (১০৪)। ৩ উইকেট তুলে নিতে আর কতক্ষণ, অস্ট্রেলীয়দের এই আশাকে নিরাশা বানাতে সময় নেননি ওমারি ব্যাংকস (৪৭*) ও ভাসবার্ট ড্রেকস (২৭*)। ৩ উইকেটের জয়ে বিশ্ব রেকর্ডই করে ফেলল ক্যারিবীয়রা।
লক্ষ্য: ৪১৪, জয়ী: দক্ষিণ আফ্রিকা, বিপক্ষ: অস্ট্রেলিয়া, পার্থ, ২০০৮
প্রথম ইনিংসে মিচেল জনসনের বোলিং তোপে ২৮১ রানে থেমেছিল দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। সেই জনসনকে সামলেই দ্বিতীয় ইনিংসে কী কাণ্ড করে বসল দক্ষিণ আফ্রিকা। ৪১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করা প্রোটিয়ারা চতুর্থ দিন শেষ করে ৩ উইকেটে ২২৭ রান তুলে। জনসনের বলে এলবিডব্লু হয়ে ফিরে যাওয়ার আগে ১০৮ রান করেছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। শেষ দিনে দলকে ৩০৩ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যখন ফিরে যান জ্যাক ক্যালিস ম্যাচে তখনো তুমুল উত্তেজনা। ক্যালিসকে আউট করে ম্যাচে নিজের একাদশ পূর্ণ করা জনসন ভালোই ভয় ধরিয়েছিলেন। কিন্তু জেপি ডুমিনিকে নিয়ে বাকি অংশটা অনায়াসেই পারি দিয়ে দারুণ এক জয় এনে দেন এবি ডি ভিলিয়ার্স। ১০৬ রানে অপরাজিত ছিলেন এবি। ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য: ৪০৪, জয়ী: অস্ট্রেলিয়া, বিপক্ষ: ইংল্যান্ড, হেডিংলি, ১৯৪৮
দ্বিতীয় বিশ্বের পর প্রথম অ্যাশেজের চতুর্থ টেস্ট। স্যার ডন ব্র্যাডম্যানের অজেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিনে দুই ওভার ব্যাটিং করে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করল অস্ট্রেলীয়দের সামনে তখন ৪০৪ রানের আপাত-অসম্ভব এক লক্ষ্য। অসম্ভবকে সম্ভব করেই প্রথম দল হিসেবে ৪০০ রানের বেশি তাড়া করে অস্ট্রেলিয়া জিতে গেল ৭ উইকেটেই। অস্ট্রেলিয়া ওপেনার আর্থার মরিস করেন ১৮২। ৩০১ রানের দ্বিতীয় উইকেটে জুটিতে তাঁর সঙ্গী ব্র্যাডম্যান দলকে জিতিয়ে ফেরেন নামের পাশে ১৭৩ রান নিয়ে। ভাগ্যও সঙ্গী ছিল দুজনের, একবার স্টাম্পিং হতে হতে হননি মরিস, আর ইংলিশরা ব্র্যাডম্যানের ক্যাচ ছেড়েছেন দুবার। অস্ট্রেলীয়দের যা লড়ার লড়তে হয়েছে সময়ের সঙ্গে। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে জিতে সিরিজে ৩-০–তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য: ৪০৩, জয়ী: ভারত, বিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অব স্পেন, ১৯৭৬
প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ক্যারিবীয় পেস সাম্রাজ্যের আবাহনী গান শুনিয়েছিলেন মাইকেল হোল্ডিং। ম্যাচে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড আক্রমণ সাজিয়েছিলেন তিন স্পিনার নিয়ে। সুনীল গাভাস্কার ও গুন্ডাপ্পা বিশ্বনাথের সেঞ্চুরিতে ৪০৩ রানের লক্ষ্য পেরিয়ে জিতে যায় ভারত। সেটিও ৬ উইকেট হাতে রেখে। ক্যারিবীয় স্পিনত্রয়ী মিলে ২২০ রান দিয়ে নিয়েছেন মোটে ২ উইকেট। প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট ভারত রান তাড়ায় প্রথম উইকেট হারায় ৬৯ রানে। এরপর ভগ্নিপতি বিশ্বনাথকে নিয়ে গাভাস্কারের ১০৮ রানে জুটি। ১০২ রান করে গাভাস্কারের বিদায়ে পর মহিন্দর অমরনাথকে নিয়ে বিশ্বনাথের ১৫৯ রানের জুটি। ১১২ রান করা বিশ্বনাথ ও ৮৫ রান করা অমরনাথ দুজনই ফেরেন রানআউট হয়ে। অমরনাথ যখন আউট হলেন, ভারতের দরকার ছিল ১১ রান। সিরিজ নির্ধারণী পরের টেস্টে স্পিনে আর ভরসা রাখেননি লয়েড। চার পেসার নিয়ে খেলে ভারতকে গুঁড়িয়ে দিয়েই সিরিজ জেতে স্বাগতিকেরা।