৪০০ রানের ইনিংসে শতক না পাওয়ার আক্ষেপ

৮৮ রানে ফিরেছেন অধিনাযক মুমিনুলছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিটন দাসও আউট হয়ে গেলেন। ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিলেন। বল ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল উইকেটকিপার টম ব্লান্ডেলের গ্লাভসে। চমৎকার খেলছিলেন লিটন। খুব নিখুঁত না হলেও মোটামুটি আত্মবিশ্বাসের সঙ্গেই লড়ে যাচ্ছিলেন বোল্ট, সাউদি, ওয়াগনার, জেমিসনদের সঙ্গে। কিন্তু বোল্টের বলে ওই খোঁচাটা না দিলেই কি হতো না! ওই এক খোঁচাতেই মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের ইতিহাস–গড়া ইনিংসে আরও একজন কাছাকাছি গিয়েও বঞ্চিত শতক থেকে।

শতকের আশা জাগিয়েছিলেন মাহমুদুল হাসানও
ছবি: এএফপি

গতকাল দারুণ ব্যাটিংয়ে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। ২১১ বল খেলে ৭০ রান করে অপরাজিত ছিলেন কেবলই নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মাহমুদুল হাসান। কিন্তু আজ মুমিনুল হকের সঙ্গে তৃতীয় দিন শুরু করে মাহমুদুল নিজের ইনিংসটা বেশিক্ষণ টানতে পারলেন না। ৭৮ রানেই ফিরলেন ওয়াগনারের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ হয়ে। ২২৮ বলে সাজানো তাঁর ইনিংসটি ছিল এক তরুণের শতক না পাওয়ার আক্ষেপ।

ভালো খেলতে খেলতেই বাইরের বলে খোঁচা দিয়ে ফিরেছেন লিটন
ছবি: এএফপি

মুমিনুলের সঙ্গে লিটন জুটি বাঁধার পর নতুন গল্পের সূচনা হলো। অসাধারণ ব্যাটিং করলেন দুজন। ৩১৭ বলে ১৫৮ রানের জুটি গড়লেন তাঁরা। নিউজিল্যান্ডের ৩২৮ রানের সংগ্রহ পেরিয়ে তাঁরা দলকে এগিয়ে নিলেন আরও কিছু দূর। কিউই বোলাররা পরীক্ষা নিচ্ছিলেন অধিনায়ক মুমিনুল ও লিটনের। কিন্তু প্রতিটি পরীক্ষাতেই তাঁরা নিজেদের উতরে নিয়েছেন। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিশ্বসেরা বোলারদের পাল্টা আঘাতও করেছেন। গুটি গুটি পায়ে দুজনই এগিয়ে চলছিলেন শতকের দিকে। কিন্তু ৮৮ রানে আউট হলেন মুমিনুল। এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলার পর খুব একটা কথা বলছিল না তাঁর ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষেই আরেকটি ইনিংসে ৪৯ আর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৭০ রান ছাড়া বলার মতো আর কিছুই করতে পারেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। আজ সুযোগ পেয়ে দ্বারপ্রান্তেও পৌঁছেছিলেন। কিন্তু ২৪৪ বলে ৮৮ করে বিদায় নিলেন বোল্টের বলেই। এলবিডব্লু হয়ে।

টেস্ট মর্যাদার পর এই প্রথম আগে ফিল্ডিং করেও লিড নিয়েছে বাংলাদেশ। দারুণ ব্যাটিং পারফরম্যান্সের পরও ইনিংসে একটিও শতক না পাওয়ার ব্যাপারটি আক্ষেপ হয়েই থাকছে।