৪০০তে থামল ইংল্যান্ড

মধ্যাহ্ন বিরতির আগেই ব্যাটিং নিয়ে ভাবতে শুরু করছিল ভারত। কিন্তু জস বাটলার যে উইকেটে ছিলেন! জ্যাক বলকে সঙ্গী করে ভারতীয় বোলারদের ভোগালেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। ৭৬ রানের ইনিংসে দলকে চার শ ছোঁয়ানোর পরই থেমেছেন।
দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। তৃতীয় ওভারেই ফিরে গেছেন বেন স্টোকস (৩১)। রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত এক বলে কোহলির তালুবদ্ধ হন। প্রথম ঘণ্টায় স্টোকসকে অনুসরণ করেন ক্রিস ওকস (১১) আর আদিল রশিদও (৪)। ৩৩৪ রানে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন সাড়ে তিন শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। এরপরই আসল বাটলারের দেখা মিলল।
ইনিংসের শুরুতে নড়বড়ে মনে হলেও ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়েছেন। সুইপ, রিভার্স সুইপে হতাশ করেছেন ভারতের বোলারদের। অন্য প্রান্তে দশ নম্বরে নামা বলও করেছেন পরিণত ব্যাটিং। ৬০ বলে ৩১ রানে আউট হওয়ার আগে নবম উইকেটে ৫৪ রান যোগ করেছেন।
বল আউট হওয়ার পরই নিজের প্রথম ছক্কা মারেন বাটলার। তবে এরপর আর বেশি দূর যেতে পারেননি আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। শেষ উইকেটে ১২ রান করে ৪০০তে থেমেছে ইংল্যান্ড। ১৩৭ বলে ৭৬ রানের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা মেরেছেন বাটলার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১ রান ভারতের।