৪০৮ থাকবে সবার জার্সিতেই

৪০৮ সংখ্যাটি স্থান পেয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে। অকালে এই পৃথিবীকে বিদায় জানানো তরুণ ক্রিকেটার ফিল হিউজের টেস্ট ক্যাপ নম্বর এটি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে প্রতিটি অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গেই থাকবে এই সংখ্যাটি। হিউজের অকালমৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতেই যেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা সঙ্গে রাখবেন এই ৪০৮।
প্রতিটি টেস্ট দলেরই অভিষিক্ত ক্রিকেটারদের একটি নির্দিষ্ট সংখ্যা থাকে। টেস্ট ম্যাচে খেলোয়াড়দের জার্সিতে সুই-সুতোর কাজে লেখা থাকে তাঁর অভিষেক সংখ্যাটি। অস্ট্রেলিয়ার পক্ষে ৪০৮তম অভিষিক্ত টেস্ট ক্রিকেটার ছিলেন হিউজ। স্বাভাবিকভাবেই একেক খেলোয়াড়ের নম্বর একেকটা হলেও অ্যাডিলেডের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিটি খেলোয়াড়ই বুকে ধারণ করবেন ৪০৮ সংখ্যাটি। শুধু জার্সির বুকে? হৃদয়েও। হিউজের স্মৃতিকে ধারণ করার এটি একটি বিশেষ উদ্যোগ।
এদিকে হিউজের শোককে সঙ্গে নিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় ক্রিকেট দলের কোচ ড্যারেন লেম্যান জানিয়েছেন, ‘হিউজের শোককে সঙ্গে নিয়েই পুরো দল এখন এককাট্টা। হিউজকে পরিবারের হারিয়ে যাওয়া এক সদস্য মনে করেই ভারতের বিপক্ষে সম্ভাব্য সেরা খেলাটা খেলতেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। হারিয়ে যাওয়া হিউজ নিশ্চয়ই অস্ট্রেলীয় দলের কাছ থেকে এমন মনোভাবই আশা করত।’
বুকে ‘৪০৮’ ধারণ হলো সেই শোককে শক্তিতে রূপান্তরিত করার। সূত্র: পিটিআই।