৪১ কোটি ৪১ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম স্পনসরশিপ স্বত্ব কিনে নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘টপ অব মাইন্ড’। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, দরপত্র জমা পড়েছিল ছয়টি। সর্বোচ্চ ৪১ কোটি ৪১ লাখ টাকা প্রস্তাব করে দুই বছরের জন্য জাতীয় দলের স্পনসর-স্বত্ব পেয়েছে টপ অব মাইন্ড। বাংলাদেশ দলের পুরোনো স্পনসর গ্রামীণফোন ছিল এর সবচেয়ে কাছাকাছি। তাদের প্রস্তাব ছিল ৪১ কোটি টাকার।
‘টপ অব মাইন্ড’ পাকিস্তান সিরিজেও বাংলাদেশ দলের স্পনসর-স্বত্ব পেয়েছিল। পরে সেটি প্রাণ গ্রুপের কাছে বিক্রি করে দেয়। ওই সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে তাই প্রাণের লোগো ছিল। এবার ‘টপ অব দ্য মাইন্ড’ এক প্রতিষ্ঠানের কাছেই দুই বছরের জন্য স্বত্ব বিক্রি করতে পারে, চাইলে প্রতিটি সিরিজের জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছেও। একেকটি সিরিজে তাই একেক রকম লোগোও থাকতে পারে জার্সিতে।
শুধু জাতীয় দলই নয়, এই স্পনসর-স্বত্বের মধ্যে অন্তর্ভুক্ত মহিলা জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলও। আইসিসির ইভেন্টগুলো এই স্পনসরশিপ স্বত্বের আওতাভুক্ত নয়, তবে দ্বিপক্ষীয় সব সিরিজের সঙ্গে এশিয়া কাপটা থাকছে।
২০১২ সালের জুনে ভারতীয় প্রতিষ্ঠান সাহারার সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিসিবি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস আগে সাহারার সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। নাজমুল হাসান জানিয়েছেন, সাহারার সঙ্গে চুক্তিটা থাকলে বাকি সময়ে ২৮-২৯ কোটি টাকা পেত বিসিবি। সেই হিসাব থেকেই দুই বছরের স্পনসরশিপ আবেদন করার জন্য বিসিবি ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছিল ৩০ কোটি টাকা। সামগ্রিকভাবে স্পনসরশিপ চুক্তি নিয়ে সন্তুষ্টির কথাই বললেন নাজমুল হাসান, ‘আমরা খুশি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি টাকা পেয়েছি, এটা বলব না। তবে এবার দেশীয় কোম্পানিগুলো এগিয়ে এসেছে বলে আমি খুশি। গতবার যখন আমরা দরপত্র চেয়েছিলাম, সাহারার ধারেকাছে কেউ ছিল না। কিন্তু এবার দেশীয় কোম্পানিগুলো দরপত্রে অনেক ভালো দাম দিয়েছে।’
সেটি দলের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের কারণেই হয়েছে বলে খেলোয়াড়দের ধন্যবাদও দিলেন, ‘অবশ্যই এর কৃতিত্বটা খেলোয়াড়দের।’