৪২ বছর বয়সেও মিসবাহর 'না'

গুঞ্জনটা আছেই। ইংল্যান্ড সফর শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ—এমন কথাবার্তা শোনা যায় অনেকের মুখেই। কিন্তু মিসবাহ নিজেই জানিয়েছেন, আপাতত তেমন কোনো সম্ভাবনা নাকি নেই।
তাঁর বয়সী প্রায় সবাই অনেক আগেই প্যাডজোড়া তুলে রেখেছেন। ৪২ বছর বয়স তো কম নয়! অনেকেই এখন ধারাভাষ্য বা কোচিংয়ে ব্যস্ত। তবে মিসবাহ ভাবছেন ক্রিকেট নিয়েই। দেশকে অনেক কিছুই নাকি দেওয়ার বাকি তাঁর, ‘অবসর নিতে চাইলে তো আমি নিয়েই ফেলতাম। কিন্তু আমি এখন পুরোপুরি ফিট, দেশের জন্য আমি আরও কিছু করতে চাই।’ পিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, ইংল্যান্ড সফর শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মিসবাহ। তবে পরশু সংবাদ সম্মেলনে অবশ্য তার কোনো ইঙ্গিত মেলেনি।
ইংল্যান্ড সফর নিয়ে রোমাঞ্চিত মিসবাহ, ‘ইংল্যান্ড সফর বড় একটা চ্যালেঞ্জ। তবে আমি খেলোয়াড়দের বলেছি, চ্যালেঞ্জ যত বড়, সুযোগটাও তত বড়। এই সফরে ভালো করলে তারা যে সম্মান ও স্বীকৃতি পাবে সেটা হবে বিশাল। প্রত্যেক খেলোয়াড়কেই এই সিরিজটা একটা সুযোগ হিসেবে দেখা উচিত।’
ইতিহাসের দিকে তাকিয়েও আশা খুঁজছেন মিসবাহ, ‘ইতিহাস বলছে পাকিস্তান ইংল্যান্ডের মাটিতে সব সময়ই ভালো খেলেছে। আমি আশা করব, এবারও খেলোয়াড়েরা সিরিজটা স্মরণীয় করে রাখতে নিজেদের সেরাটা দেবে।’
সর্বশেষ ইংল্যান্ড সফরেই মোহাম্মদ আমিরের ওই ‘কুখ্যাত’ নো বলের ঘটনা ঘটে। পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আবার ফিরেছেন ইংল্যান্ডে। তবে মিসবাহ ওই অধ্যায়টা মনে করতে চান না, ‘আমাদের অতীত ভুলে যেতে হবে। খেলা, পারফরম্যান্স ও অনুশীলনে মনযোগ দিতে হবে। সেটা করতে পারলে কোনো বিতর্কই আমাদের গ্রাস করতে পারবে না।’