৪২ রান দূরে ৫০ বছরের পুরোনো রেকর্ড!

দ্বিতীয় পানি পানের বিরতির আগে মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে চওড়া হাসি হাসলেন মিচেল জনসন। অস্ট্রেলীয় ফাস্ট বোলার তখনো জানতেন না, দিন যত দীর্ঘ হবে, ততই মিইয়ে যেতে থাকবে তাঁর হাসি। অস্ট্রেলিয়ার হাসিও। আবুধাবির মরুপ্রান্তরে গলা শুকিয়ে যাবে অস্ট্রেলিয়ার। এরপর আর সারা দিনে মাথা কুটেও যে উইকেটের দেখা পেল না অস্ট্রেলিয়া। আজহার আলী ও ইউনুস খান দুজনই করলেন সেঞ্চুরি। তৃতীয় উইকেটে ২০৮ রানের জুটি গড়ে দুজনই অপরাজিত থেকে ফিরেছেন সাজঘরে। প্রস্তুতি ম্যাচ থেকে যে আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার কথা বলেছিল পাকিস্তান, সেটার শক্তিবলেই কিনা প্রথম দিনে ২ উইকেটে তুলল ৩০৪ রান।
আজহার (১০১*) আর ইউনুস (১১১*) এখন অপেক্ষায় আছেন ৩৪ বছর পুরনো একটি রেকর্ড ভেঙে দেওয়ার। ১৯৮০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় উইকেটে ২২৩ রান তুলেছিল মিয়াঁদাদ–তসলিম জুটি, যেটা এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ জুটি। তা থেকে মাত্র ১৫ রান দূরে ইউনুস–আজহারের এই জুটি। শুধু তৃতীয় উইকেটে কেন, যেভাবে আজ ব্যাট করেছেন, কালও সেটি ধরে রাখলে এই জুটি হয়তো ভেঙে দেবে ঠিক ৫০ বছর আগের একটি রেকর্ড!
১৯৬৪ সালে করাচি টেস্টে উদ্বোধনী জুটিতেই ২৪৯ রান তুলেছিলেন আবদুল কাদির ও খালিদ ইবাদুল্লাহ। যেটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড। সেই রেকর্ড ভাঙতে আর মাত্র ৪২ রান চাই!