৪৫-এর আগে অবসর নিচ্ছেন না গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের হয়ে আরও অনেলদিন খেলতে চান গেইল।
ফাইল ছবি: এএফপি

বয়স ৪১ হয়ে গেছে। আগের মতো কী আর ঝড় তোলা সম্ভব? এ ভেবেই হয়তো এবার ক্রিস গেইলকে আইপিএলের শুরু থেকে মাঠে নামায়নি কিংস ইলেভেন পাঞ্জাব। চিন্তাটা যে কত ভুল ছিল, সেটা প্রথম দিকে একের পর এক ম্যাচ হেরে বুঝেছে দলটি। প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর নেমেছিলেন গেইল।

গেইলের সুবাদে ভাগ্য বদলেছিল দলটির। জয়ের দেখাও মিলেছিল কিছু। মেলারই কথা, খুনে মেজাজে ছিলেন যে উইন্ডিজ ওপেনার। ৭ ম্যাচে ৪১.১৪ গড়ে ২৮৮ রান তুলেছেন। সেটাও ১৩৭.১৪ স্ট্রাইকরেটে। বয়স তো তাঁর জন্য শুধুই সংখ্যা। এ কারণেই তো এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কোনো চিন্তাভাবনা নেই তাঁর মধ্যে। আরও পাঁচ বছর খেলে তবেই নাকি বিদায় বলবেন গেইল।

গত এক সপ্তাহ দুবাইয়ে কাটিয়েছেন ক্রিস গেইল। প্রথমবারের মতো আয়োজিত হলো আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি)। ক্রিকেটে আরেকটি নতুন সংস্করণ আনার চেষ্টায় গেইলের সঙ্গে অংশ নিয়েছেন কেভিন পিটারসন, আন্দ্রে রাসেল, রশিদ খান, যুবরাজ সিং ও এউইন মরগান। নতুন এই ক্রিকেটে প্রতি দলে মাত্র একজন ক্রিকেটার খেলেন। ১৫ বলের দুটি ইনিংসে ব্যাট করার সুযোগ পান ওই ক্রিকেটার। মুখোমুখি লড়াইয়ে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান যিনি করবেন, তিনিই জিতবেন।

নতুন এই টুর্নামেন্টের ফাইনালে অবশ্য ওঠা হয়নি গেইলের। রশিদ খানের কাছে সেমিফাইনালে হেরে গেছেন গেইল। আজ ফাইনালে আন্দ্রে রাসেলের মুখোমুখি রশিদ খান। তবে সফল এক আয়োজন শেষে আগামী বছরের টুর্নামেন্টের জন্য ক্ষণ গুনতে বসে গেছেন গেইল। আর সে সুবাদেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়ে দিলেন।

দুবাইয়ে ভালোই সময় কেটেছে গেইলের।
ছবি: ইনস্টাগ্রাম

এ বছরই ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর গত বছর অক্টোবর-নভেম্বরে না হতে পারা বিশ্বকাপটি পিছিয়ে ২০২২ সালে নেওয়া হয়েছে। গেইল শুধু এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, খেলতে চান ২০২২ বিশ্বকাপেও।

অবসর নিয়ে চিন্তা করছেন, নাকি আরও খেলে যাওয়ার ইচ্ছা, এমন প্রসঙ্গে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন গেইল, ‘হ্যাঁ, অবশ্যই। এখন পর্যন্ত অবসরের কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি, আরও পাঁচ বছর খেলতে পারব। সুতরাং ৪৫–এর আগে কোনো সম্ভাবনা নেই এবং আরও দুটি বিশ্বকাপ খেলাও বাকি।’

আগামী মৌসুমেও ইউকেসি খেলতে চান গেইল।
ছবি: ইনস্টাগ্রাম

আর ইউকেসি টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদী মনে হচ্ছে গেইলকে। বিশ্বের সেরা ক্রিকেটারদের একদম মুষ্টিযোদ্ধাদের মতো একে অপরের সঙ্গে লড়াই করার এ সংস্করণ মনে ধরেছে গেইলের, ‘আমার ধারণা, নতুন এবং রোমাঞ্চকর একটা ধারণা যুক্ত হলো ক্রিকেটে। আপনি আগে থেকে বলতে পারেন না, তবে আমার ধারণা, অনেক দিক থেকেই দারুণ কিছু আনছে এবং সহজেই মানিয়ে নিতে পারবেন এর সঙ্গে।’

প্রথাগত ইনডোর ক্রিকেট থেকে ইউকেসিকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে গেইলের, ‘ইনডোর ক্রিকেটে বরাবরই অন্য আমেজ থাকে। কিন্তু ইউকেসিতে অনেকটা খাঁচার মধ্যে খেলছেন, বড় বড় সব নাম থাকছে এবং যখন এমনটা ঘটবে, সবাই জানতে চাইবে কী ঘটছে। তারা টিভি খুলে দেখতে চাইবে এবং যখন খেলার নিয়ম একবার বুঝবে, আমি নিশ্চিত সবাই এটার প্রেমে পড়ে যাবে।’