৪৫ রান করেই নায়ক মাহমুদউল্লাহ
এবারের জাতীয় লিগে তিন রাউন্ড শেষেই ১৬টি সেঞ্চুরি। ফিফটির কথা আর না-ই বলা হলো। কিন্তু সেঞ্চুরি-হাফ সেঞ্চুরির বন্যায় একটি নাম খুঁজে পাওয়া যাবে না—মাহমুদউল্লাহ। প্রথম চার ইনিংসে মাত্র ৪৩ রান করা জাতীয় দলের ব্যাটসম্যান অবশেষে নিজের জাত চেনালেন। না, সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি নয়, করেছেন মাত্র ৪৫। কিন্তু তাঁর অপরাজিত ৪৫ রানের এই ইনিংসই ফতুল্লায় অসাধারণ এক জয় এনে দিয়েছে ঢাকা মহানগরকে। খুলনাও দেখেছে রুদ্ধশ্বাস ম্যাচ। যেখানে জিতেছে স্বাগতিক খুলনা।
ঢাকা বিভাগকে দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৯১ রানের লক্ষ্য পেয়েছিল মহানগর। কিন্তু ৩৫ রানেই পড়ে গেল দলটির প্রথম ৫ উইকেট। মামুলি লক্ষ্যটাই হয়ে গেল পাহাড়সম। মাহমুদউল্লাহ যখন নামলেন, ৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে দল। এরপর তাঁকে রেখেই ফিরে গেলেন আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুবসহ আরও তিনজন। প্রথমেই শরীফউল্লাহকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে নড়বড়ে ভিতটাকে একটু শক্ত করলেন মাহমুদউল্লাহ। ৬৯ রানে শরীফউল্লাহ ফেরার পর ৮৩ রানে আউট ইলিয়াস সানিও। জয়ের জন্য মহানগরের দরকার ৮ রান, ঢাকা বিভাগের ৩ উইকেট।
সব উত্তেজনা অবশ্য মিইয়ে গেল পরের ওভারেই। মোহাম্মদ শরীফের করা ওভারের দ্বিতীয় বলে ১ রান নিলেন মাহমুদউল্লাহ। পরের বলে জাবিদ হোসেন ব্যাটে-বলে সংযোগ করেই দিলেন দৌড়। রানআউট করতে গিয়ে উল্টো ওভার থ্রো করে বলকে সীমানা ছাড়া করলেন ঢাকা বিভাগের ফিল্ডাররা—৫ রান। এরপর চার মেরে দলকে জিতিয়ে দিলেন মাহমুদউল্লাহ।
খুলনায় ৪ উইকেট হাতে নিয়ে ১৪২ রান দরকার ছিল রংপুরের। ৫৮ রান নিয়ে দিন শুরু করা বর্তমান চ্যাম্পিয়নরা হাঁটছিল ঠিক পথেই। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নাঈম ইসলামের সঙ্গে যোগ দিয়ে ধীমান ঘোষ এগিয়ে নিচ্ছিলেন দলকে। ৬২ রানের জুটি ভাঙল ১২০ রানের মাথায় নাঈমের বিদায়ে। নবম ব্যাটসম্যান হিসেবে ধীমান ফিরলেন আরও ৪১ রান যোগ হওয়ার পর। এরপর শেষ চেষ্টাটা করলেন সাদ্দাম হোসেন (১৫)। শেষ জুটিতে সঞ্জিত সাহাকে নিয়ে ২৫ রান যোগ করাটাও অবশ্য যথেষ্ট হলো না। শেষ পর্যন্ত যে ১৪ রানের ঘাটতি রয়েই গেল। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর এই ইনিংসে ৪ উইকেট—প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট পেলেন খুলনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই জয়ের পর ৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট তালিকার শীর্ষে খুলনা।
দিনের অন্য দুই ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়েছে। বগুড়ায় ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি সিলেটের অলক কাপালি। ১৩৪ বলে তাঁর ৯৩ রানের ইনিংসে ছিল ১৩টি চার। চট্টগ্রামে বরিশাল-চট্টগ্রাম ম্যাচে সারা দিনে খেলাই হয়েছে মাত্র ২৪.৩ ওভার। খেলা শুরুই হয়েছে বেলা সোয়া দুইটায়।