৪৮০০ কোটি রূপি গচ্ছা দেওয়ার মুখে ভারতীয় বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়ে বড় ধাক্কাই খাবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই। ছবি: এএফপি
আদালতের রায়ে বড় ধাক্কাই খাবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই। ছবি: এএফপি

কত কত বড় বিষয় নিয়ে আজ সভায় বসার কথা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই)। আইপিএলের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ। পাশাপাশি ভারতের ভবিষ্যত সফর পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার কথা ভারতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কর রেয়াতের বিষয় নিয়ে যে বিসিসিআইয়ের সঙ্গে লেগেছে আইসিসির, সেটি নিয়েও। এখন আলোচ্যসূচিতে আরেকটি বিষয় সম্ভবত যোগ হয়ে গেল। বিসিসিআই যে ৪৮০০ কোটি রূপি গচ্ছা দেওয়ার মুখে!

২০১২ সালে আইপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব বাতিল করে বিসিসিআই। এতদিন পর মুম্বাইয়ের সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থতাকারীর রায়, সেটি অবৈধ ছিল। সে কারণে এখন ডেকান চার্জার্সকে ক্ষতিপূরণ হিসেবে ৪৮০০ কোটি রূপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইকে।

২০০৮ সালে যে আটটি দল নিয়ে মূলত শুরু হয়েছিল আইপিএল, তার একটি ছিল ডেকান ক্রনিকল হোল্ডিংস লিমিটেডের (ডিসিএইসএল) মালিকানাধীন ডেকান চার্জার্স। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কত্বে শিরোপাও জেতে। কিন্তু খেলোয়াড়দের বেতন ঠিকমতো না দেওয়াসহ নানা অভিযোগে ২০১২ সালে সেটির সত্ত্ব বাতিল করে বিসিসিআই। পাশাপাশি বিসিসিআই তখন এ-ও দাবি করে যে, ফ্র্যাঞ্চাইজিটি বিসিসিআইয়ের নীতিমালা ভেঙেছে। ডিসিএইচএল সে সময় ফ্র্যাঞ্চাইজিটি নিলামেও তোলারও চেষ্টা করেছে, কিন্তু পিভিপি ভেনচারসের কাছ থেকে একমাত্র বিডটি নাকচ করে দেয়। পরে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিটিকে নিষিদ্ধ করে তাদের সব খেলোয়াড়কে নিলামে নিয়ে নেয়।

সত্ত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডিসিএইচএল তখন সুপ্রিম কোর্টের কাছে যায়। এর মধ্যে বোর্ড ততদিনে ফ্র্যাঞ্চাইজিটিকে আবার নিলামে তোলে। ফ্র্যাঞ্চাইজিটি পরে চেন্নাইভিত্তিক সংবাদমাধ্যম সান নেটওয়ার্কের কাছে বিক্রি করা হয়, যেটি এখন সানরাইজার্স হায়দরাবাদ নামে পরিচিত। সুপ্রিম কোর্ট ততদিনে অবসরপ্রাপ্ত বিচারক সিকে ঠাক্কারকে নিয়োগ দেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে। এতদিন পর মধ্যস্থতাকারীর রায়ে জিতে গেছে ডিসিএইচএল।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিসিএইচএলকে ৪৮০০ কোটি রুপি পরিশোধ করতে বিসিসিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। বিসিসিআই এই রায়ের বিরুদ্ধে আবার আদালতে যাবে বলে ধারণা করা হচ্ছে।