প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ মাসও গেল না, তার আগেই রেকর্ড ফেরত পেলেন স্টিভ ওয়াহ। রেকর্ডটা একবারও ম্যাচে ৫ উইকেট না পেয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার। গত ১৮ জুন ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ১৯৬ ও ১৯৭তম উইকেট দুটি নিয়েই এই অপ্রাপ্তির রেকর্ডটির মালিক হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। পরশু সাকিব ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়াতেই রেকর্ডটা আবার ফেরত পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। অদ্ভুতুড়ে কীর্তিটা সেই ১৯৯৪ সাল থেকেই ওয়াহর দখলে ছিল। ওয়াহ পেছনে ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ম্যালকম মার্শালকে (১৫৭ উইকেট)। এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে ওয়াহর জন্য হুমকি (!) হয়ে আছেন শেন ওয়াটসন। অস্ট্রেলীয় অলরাউন্ডার ওয়ানডেতে ১৬৮ উইকেট নিয়েছেন একবারও ৫ উইকেট না পেয়ে।