৫ উইকেট নিয়ে 'শোলে-স্মরণ' গব্বরের ছেলের

‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর!’ সংলাপটা ছুড়ে তলোয়ারের আঘাতে ঠাকুর বলদেব সিংয়ের দুটো হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল গব্বর সিং! ৪০ বছর পার হয়েছে, বলিউডের রঙিন দুনিয়া হয়েছে আরও রঙিন, তবুও শোলে সিনেমায় গব্বর সিংয়ের সেই সংলাপ আজও ফেরে সিনেমাপ্রেমীদের মুখে। বলিউডের বিখ্যাত এ ছবিটির মুক্তির ৪০ বছর পূর্তি হলো গত ১৫ আগস্ট। গব্বর ডাকু, প্রখ্যাত অভিনেতা আমজাদ খানের ছেলে সিমাব খান ৪০ বছর পূর্তি স্মরণ করলেন ভিন্নভাবেই।
সিমাব পেশাদার ক্রিকেটার। খেলছেন মুম্বাইয়ের বি-ডিভিশনে। শোলের ৪০ বছর পূর্তির ঠিক পরদিন দারুণ পারফরম্যান্স করেছেন সিমাব। মু্ম্বাইয়ের মাহুলে বি-ডিভিশন ক্রিকেটের ড. এইচডি কাঙা লিগে শিবাজি পার্ক ইয়ংস্টার্সের (এসপিওয়াই) বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। সিমাবের ঘূর্ণিতে এসপিওয়াই প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৭৫ রানে।
শোলের ৪০ বছর পূর্তির পর দিন এ দারুণ পারফরম্যান্সকে স্রেফ ‘কাকতালীয়’ বলছেন সিমাব। দাদার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের এ লেগস্পিনার বললেন, ‘এটা আসলে দারুণ এক কাকতালীয় ব্যাপার। শোলের ৪০ বছর পূর্তির পরদিন এ পারফরম্যান্স দলের জয়ে সহায়তা করেছে। ভীষণ খুশি।’
অবশ্য এ পারফরম্যান্স বাবা আমজাদ খানকে উৎসর্গ করেছেন কি না, কিছু বলেননি। তবে ক্রিকেটে আরও মনোযোগ দিতে চান আমজাদ-তনয়। মাঝে মুটিয়ে গিয়েছিলেন বেশ। ৩৩ বছর বয়সী সিমাব এখনো স্বপ্ন দেখছেন মুম্বাইয়ের হয়ে খেলার, ‘ক্রিকেট অনুশীলনের প্রতি কৃতজ্ঞতা। গত সাত সপ্তাহে ১২ কেজি ওজন কমিয়েছি। মুম্বাইয়ের হয়ে খেলার স্বপ্নটা এখনো জীবিত।’ তথ্যসূত্র: মিড-ডে।